
বিনিয়োবার্তা ডেস্ক: গত জুলাইয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবা খাতে বাণিজ্য ঘাটতি বেড়েছে। আলোচ্য মাসে পূর্ববর্তী মাসের তুলনায় ১৮ দশমিক ৯ শতাংশ বেড়ে দেশটির বাণিজ্য ঘাটতি ৬ হাজার ৩৫৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। একইসঙ্গে দেশটির আমদানি বেশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ প্রকাশ করেছে সংবাদমাধ্যম কিয়োদো।
নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাব থেকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিটি যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, জুলাইয়ের আমদানি-রফতানি উপাত্তে উঠে এসেছে। জুলাইয়ে যুক্তরাষ্ট্রের রফতানি ৮ দশমিক ১ শতাংশ বেড়ে ১৬ হাজার ৮১১ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা দুই মাস যুক্তরাষ্ট্রের রফতানি বেড়েছে। অন্যদিকে আমদানি ১০ দশমিক ৯ শতাংশ বেড়ে ২৩ হাজার ১৬৭ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা ১৯৯২ সালের পর থেকে সর্বোচ্চ, যখন থেকে এ তুলনামূলক উপাত্ত রাখা শুরু হয়।
দেশ অনুযায়ী জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ৯২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি ১১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩ হাজার ১৬২ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে মেক্সিকোর সঙ্গে বাণিজ্য ঘাটতি ৬ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪ কোটি ডলারে দাঁড়িয়েছে।
‘আমেরিকা ফার্স্ট’নীতির মাধ্যমে প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চীন ও জাপানের মতো বৃহৎ বাণিজ্য অংশীদারদের সঙ্গে আংশিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে।
তবে গত ডিসেম্বরে চীন থেকে শুরু হওয়া কভিড-১৯ মহামারীতে বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ সংক্রমণ এড়াতে বেশির ভাগ মানুষ ঘরে অবস্থান করছে এবং বাইরে বেরোতে পারছে না। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানা সীমিত সক্ষমতায় পরিচালিত হচ্ছে।
আগামী নভেম্বরের নির্বাচনের আগেই অর্থনীতি খুলতে ট্রাম্প তোড়জোর চালালেও নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে তা কঠিন ঠেকছে। এ পর্যন্ত দেশটিতে ৬০ লাখ আমেরিকান কভিড-১৯-এ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ৮০ হাজারেরও বেশি।
(এসএএম/০৫ সেপ্টেম্বর ২০২০)