
বিনিয়োগবার্তা ডেস্ক: তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মারা গেছেন। মঙ্গলবার গান্তুরে তার বাড়ির বাথরুমে পড়ে যান এই অভিনেতা। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে সিনেমা প্রিয় দর্শকদের পরিচিত মুখ জয় প্রকাশ রেড্ডির (জেপি) মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে। ‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। খল চরিত্রে তিনি যেমন দুর্দান্ত অভিনয় করতেন তেমনি কমেডিয়ান হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন।
কার্নুল জেলার সিরভেল জেলায় জন্মগ্রহণ করেন জয়া প্রকাশ। ‘সাব-ইন্সপেকটর’ হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পাশাপাশি মঞ্চে অভিনয় করতেন। ‘ব্রহ্মা পুত্রুড়ু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। ‘সামারাসিমহা রেড্ডি’ সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি পান।
১০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন ৭৪ বছর বয়সী এই অভিনেতা। তার উল্লেখযোগ্য সিনেমগুলোর মধ্যে রয়েছে- ‘জুলাই’, ‘কিক’, ‘রেডি’, ‘জয়ামি মানাদেরা’, ‘জাম্বা লাকিড়ি’, ‘রেস গুরাম’, ‘গব্বর সিং’ ইত্যাদি। তার সর্বশেষ অভিনীত সিনেমা ‘সারিলেরু নীকেবারু’।
(এসআর /৮ সেপ্টেম্বর ২০২০)