
বিনিয়োগবার্তা ডেস্ক: একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চাইছে তুরস্ক ও আজারবাইজান।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী। খবর আনাদোলু।
রাজধানী আঙ্কারায় আজারবাইজানের সংসদ স্পিকার সাহিবে গাফারোভার সঙ্গে বৈঠকের পর তুরস্কের বাণিজ্যমন্ত্রী রুহসার পেকচান বলেন, আমরা আজারবাইজানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাইছি। আমাদের লক্ষ্য হচ্ছে বাকুর সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করা।
২০১৯ সালে দুই দেশের মধ্যে ৪৪০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, এটা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের সত্যিকারের সম্ভাবনার প্রতিনিধিত্ব করছে না। উভয় দেশ তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার ১ হাজার ৫০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে।
মহামারীর কারণে ইরান হয়ে মধ্য এশিয়ার দেশটিতে রফতানি বিঘ্নিত হচ্ছে বলে জানান পেকচান। জর্জিয়া-আজারবাইজান-কাস্পিয়ান রুটটি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি। আগামীতে বাণিজ্যের জন্য এ রেললাইন সক্রিয়ভাবে ব্যবহার করতে হবে বলে জানান পেকচান। এক্ষেত্রে টোলহার কমানোর জন্য আজারবাইজানের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা চালাচ্ছে আঙ্কারা।
চলতি বছরের শুরুতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের বৈঠকটি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্পর্কের সূচনা করেছে বলে জানান পেকচান। এর মাধ্যমে উভয় পক্ষ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরে অনেক দূর এগোতে পেরেছে।
আজারবাইজানে তুরস্কের প্রধান আমদানি পণ্যের মধ্যে রয়েছে মেশিনারি, মেকানিক্যাল অ্যাপ্লায়ান্সেস ও নির্মাণসামগ্রী।
(এসআর /১২ সেপ্টেম্বর ২০২০)