Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 09:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল ওঠানামাসহ খালাস প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় বন্দরের দুই পাশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক পণ্য নিয়ে আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে পচনশীল বিভিন্ন খাদ্যদ্রবসহ শিল্প কারখানার জরুরি কাজে ব্যবহৃত কাঁচামালও রয়েছে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বৃহস্পতিবার ভারতে বিশ্বকর্মা পূজার সরকারি ছুটি থাকায় ও ট্রাক চালকরা ট্রাক চলাচল বন্ধ রাখায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, পূজার কারণে ভারতের সঙ্গে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে।

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, বিশ্বকর্মার ছুটির কারণে বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট আমাদের আগেই জানিয়ে দিয়েছেন। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে। কাস্টম হাউসেও কাজ চলছে।

(শামীম/১৭ সেপ্টেম্বর ২০২০)