
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দীর্ঘ প্রায় ২০ বছর পর মামলার জটিলতা উপেক্ষা করে যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনের সম্ভাবনা দেখে ৮ বছর পর বেনাপোল পৌরসভা নির্বাচন নিয়ে সাধারন মানুষের মধ্যে নির্বাচনি আমেজ দেখা দিয়েছে।
সম্প্রতি দেশের যে সমস্ত পৌরসভায় মামলা সংক্রান্ত বিষয়ে নির্বাচন স্থগিত রয়েছে সেসব পৌরসভায় মামলা বর্ধিত করে নতুন করে নির্বাচনের প্রস্তুতি নিতে যাচ্ছে সরকার।
জানা যায়, বিগত বিএনপি সরকারের আমলে বিএনপি নেতাদের দাবির মুখে ২০০৬ সালে বেনাপোল পৌরসভা স্থাপিত হয়। সে সময় বেনাপোল পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী ও বিএনপি নেতা আলহাজ্ব শামছুর রহমান। এরপর শার্শা উপজেলা নির্বাহী অফিসার বশীর আহম্মেদ প্রশাসকের দায়িত্ব পালন করেন। অতঃপর জাতীয় নির্বাচনের পর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে ২০১০ সালের ১৩ জানুয়ারী বেনাপোল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি সমর্থক প্রার্থী নাজিম উদ্দিনকে পরাজিত করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আশরাফুল আলম লিটন জয়ী হয়। তারপর থেকে আজ অবধি আর কোন নির্বাচন হয়নি।
কারন বেনাপোল পোড়াবাড়ি নারানপুর গ্রামের হাফিজুর রহমান নামে এক ব্যাক্তি তার এলাকার কিছু অংশ পৌরসভার সীমানায় অন্তভুক্তি না করনের জন্য উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেন। সেই থেকে মামলা জটিলতার কারনে বেনাপোল পৌরসভার মেয়াদ শেষ হলেও আজ অবধি নতুন কোন নির্বাচন হয়নি।
এ ব্যাপারে বেনাপোল পৌরসভার একজন নাগরিক নাম প্রকাশ না করার শর্তে বলেন কৌশলগত কারনে নির্বাচণ না হওয়ার জন্য এবং ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বেনাপোল পৌরসভার মেয়র তার কাছের একজনকে দিয়ে নাম মাত্র মামলা দিয়ে ভোট বন্ধ করে রেখেছে। তিনি বলেন বেনাপোল সকল শ্রেনীর নাগরিকরা চায় নতুন করে বেনাপোল পৌরসভায় নির্বাচন হোক।
এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন জানান, ৫ বছর পরপর নির্বাচন হলে ভালো হয়্। তিনি বলেন, যে সব সংসদীয় এলাকায় মামলা আছে সেসব এলাকায় তো জাতীয় নির্বাচন হচ্ছে। তা হলে বেনাপোলে কেন নির্বাচন হবে না। তিনি আরও বলেন বেনাপোল জনগনের দাবি পৌরসভায় ভোট হোক।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুজ্জামান বলেন- বেনাপোল পৌরসভায় ভোট হওয়া উচিৎ। তিনি বলেন- মামলা জটিলতায় দীর্ঘ দিন ধরে ভোট আটকে আছে। জনগনের চাহিদা নতুন নেতৃত্ব আসুক। জনগন ভালো ভালো নাগরিক সুবিধা পাক। এ জন্য দ্রুত ভোট হওয়া উচিৎ।
জানা গেছে, গত ৯ আগষ্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত সারাদেশে মামলা সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে নির্বাচন স্থগিত থাকা ১৬টি পৌরসভা গঠন ও সীমানা সম্প্রসারণ বিষয় চলমান মামলার সর্বশেষ অবস্থা জানতে (স্মারক নং ৪৬.০০.০০০০.০৬৪..৩২.২১৫.২০/১০৬৩) চিঠি দেওয়া হয়।
ওই চিঠিতে বেনাপোল পৌরসভার নাম অন্তর্ভূক্ত রয়েছে। তবে এ চিঠি শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও বেনাপোল পৌরসভা এখনও হাতে পাননি বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পৌরসভার সচিব মোঃ রফিকুল ইসলাম জানান, বেনাপোল পৌরসভা মন্ত্রনালয় থেকে কোন চিঠি পাননি। তিনি বলেন মামলার বিষয়ে তিনি কিছু জানেন না।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বিনিয়োগবার্তাকে জানান, বেনাপোল পৌরসভার মামলা সংক্রান্ত সব তথ্য মন্ত্রনালয়ে দেওয়া হয়েছে। নতুন কোন চিঠি পাননি বলে তিনি জানান ।
এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে মামলা বর্ধিত করন সংক্রান্ত কোন চিঠি পাওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি বলেন আমি এখন ঢাকাতে আছি। চিঠির বিষয়ে খোজ নিয়ে জানাবো বলে জানান।
(মনিরুল ইসলাম মনি/ এসআর /২৩ সেপ্টেম্বর ২০২০)