Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 05:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: নভেল করোনাভাইরাস মহামারী শুরুর পর শনিবার সবচেয়ে বড় গাড়ি প্রদর্শনীর উদ্বোধন করল বেইজিং। কভিড-১৯ নিয়ন্ত্রণে আনা এবং অর্থনীতিতে গতিশীলতা নিয়ে আসার প্রয়াসে এটা একটি ইতিবাচক খবর হিসেবে দেখা দিয়েছে। খবর কিয়োদো।

গত এপ্রিলে এ গাড়ি প্রদর্শনী আয়োজিত হওয়ার কথা ছিল। কভিড-১৯ সংক্রমণের কারণে তা স্থগিত করতে হয় চীনকে।

১৪০ কোটি জনসংখ্যার বিশ্বের বৃহত্তম গাড়িবাজারে জায়গা করে নিতে জাপান থেকে শুরু করে ইউরোপের গাড়ি নির্মাতারা তাদের গাড়ি নিয়ে আসছেন। পরিবেশবান্ধব ও বৈদ্যুতিক গাড়ির দিকেই এবার দৃষ্টি থাকবে সবার। কিছু গাড়ি নির্মাতা কোম্পানি অবশ্য নতুন গাড়ি প্রদর্শন স্থগিত রেখেছে। গত পাঁচ মাসের লকডাউনে অনেক গাড়ি নির্মাতা কোম্পানিই নতুন মডেলের গাড়িতে পর্যাপ্ত মনোযোগ দিতে পারেনি।

১৬তম বেইজিং মোটর শোতে ই-প্যালেট নামে একটি নতুন গাড়ি নিয়ে এসেছে টয়োটা মোটর কোম্পানি। স্বচালিত গাড়িটি টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারাঅলিম্পিকসে ব্যবহূত হবে। লকডাউনের কারণে ২০২১ সালের আগে বাজারে আসছে না ই-প্যালেট।

নিশান মোটর কোম্পানিও আরিয়া নামে সম্পূর্ণ বৈদ্যুতিক স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) নিয়ে আসছে। আগামী বছরের শেষের দিকে চীনের বাজারে এ এসইউভি বিক্রি শুরু হবে। আগস্টে নতুন গাড়ি বিক্রি গত বছরের একই মাসের তুলনায় ১১ দশমিক ৬ শতাংশ বেড়ে ২১ লাখ ৯০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে।

বেইজিং ও সাংহাই পালা করে এ গাড়ি প্রদর্শনীর আয়োজন করে আসছে। ২০১৮ সালে দ্বিবার্ষিক এ গাড়ি প্রদর্শনীতে ১ হাজার ২০০ গাড়ি নির্মাতা ও সংশ্লিষ্ট ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল।

(এসআর /২৭ সেপ্টেম্বর ২০২০)