Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 07:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও দুই যাত্রী।

শনিবার সকালে জেলার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোরপাই এলাকায় যাত্রীবাহী দ্রুতগতির একটি বাস পিছন দিক থেকে একটি  মাইক্রোবাসকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে ময়নামতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন। তিনি জানান, দুর্ঘটনায় হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নামপরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কের মাঝামাঝি ডান অংশে রাত থেকে একটি ট্রাক বিকল হয়ে পড়ে ছিল। একই লেনের বাম পাশে আরেকটি লরি পার্কিং করা ছিল। লেনের দুই পাশে দুটি গাড়ি থাকায় দুর্ঘটনার শিকার চট্টগ্রামমুখী হাইস গাড়িটির চালক বিকল হওয়া ট্রাকটির কাছে গিয়ে গতি কমিয়ে দেন। তখনই দ্রুতগতিতে আসা স্টার লাইন পরিবহনের একটি বাস হাইসের পেছনে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে বিকল হয়ে পড়া ট্রাকটির সাথে সজোড়ে ধাক্কা  লেগে হাইসটি দুমড়ে-মুচড়ে যায় । এসময় ঘটনাস্থলেই নিহত হয় হাইসে থাকা এক নারীসহ দুইজন। আহত হয় এক শিশুসহ দুইজন।

ওসি সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(এসএইচআর/এসএএম/৩ অক্টোবর ২০২০)