
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: অন-টাইম ডিপারচার, ইন-ফ্লাইট সার্ভিস, অভ্যন্তরীণ রুটে যাত্রী সংখ্যা ও আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ‘এয়ারলাইন অব দ্য ইয়ার-২০১৬’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর হোটেল রিজেন্সীতে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পিএটিএ), বাংলাদেশ চ্যাপ্টার এই অ্যাওয়ার্ড প্রদান করে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৯৮ দশমিক ৭ শতাংশ অন-টাইম ডিপারচার এই অ্যাওয়ার্ড পেতে বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) গাজী সালাহউদ্দিন এয়ারলাইন্সের পক্ষ থেকে পিএটিএ নাইট ২০১৭ অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিএটিএ এর চেয়ারম্যান এনড্রিও জোনস ও পিএটিএ বাংলাদেশ চ্যাপ্টার এর চেয়ারম্যান শাহীদ হামিদ প্রমুখ।
জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৪ সালে বাংলাদেশ ট্রাভেলার্স ফোরাম কর্তৃক ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’, ২০১৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট এয়ারলাইন ইন ডমেস্টিক সেক্টর’ এবং ২০১৬ সালে স্বাধীনতা সংসদ, ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ‘বাংলাদেশের সেরা বেসরকারি এয়ারলাইন্স’ অ্যাওয়ার্ড প্রদান করে।
(এসএএম/ ১৫ মে ২০১৭)