
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আগামী ১৩-১৫ অক্টোবর পর্যন্ত তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল মুশফিক-মুমিনুলদের। তবে সেই ম্যাচটির পরিবর্তে তিন দলীয় একটি টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে টুর্নামেন্টের সূচি ঘোষণাও করে ফেলেছে তারা। তবে হাঁটুর ইনজুরির কারণে নতুন এই টুর্নামেন্টের শুরুর দিকে খেলা হচ্ছে না তরুণ পেসার হাসান মাহমুদের।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বুধবার (৭ অক্টোবর) মাহমুদের না থাকার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘তার (হাসান মাহমুদের) এক সপ্তাহের বিশ্রাম দরকার। খুব বড় কোনো ইনজুরি অবশ্য তার হয়নি, তবে আমরা ওকে সাবধানতার জন্য বিশ্রামে রাখতে চাই।’
এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স করেন ২০ বছর বয়সী মাহমুদ। দুর্দান্ত পেস আক্রমণ দিয়ে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের উইকেটটিও শিকার করেন তিনি। ইনজুরিতে পড়ার আগে নয় ওভার বোলিং করেন এই তরুণ।
তিন দলীয় এই টুর্নামেন্টে অংশ নেবেন ৪৫ জন ক্রিকেটার। যেখানে প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির। এই টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে বিসিবি।
১১ অক্টোবর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে মাঠে নামবে নাজমুল একাদশ। এরপর ১৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে তামিম একাদশের বিপক্ষে পুনরায় খেলবে মাহমুদউল্লাহ একাদশ।
মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।
নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ঈমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, সুমন খান, সাদমান ইসলাম ও তানভীর ইসলাম।
তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি, শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদী হাসান রানা।
(এসআর / ১০ অক্টোবর ২০২০)