
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাস্কেটবল খেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থায়ী কমিটি নবম বৈঠকে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এর সভাপতিত্বে সংসদ ভবনে এ সুপারিশ করা হয়।
বৈঠকে ধানমন্ডিস্থ আবাহনী মাঠের পূর্বপাশে বাস্কেটবল খেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়ন অগ্রগতি এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকের শুরুতে সংসদ-সদস্য আব্দুস সালাম মূর্শেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বৈঠকে খুলনা জেলার দিঘলিয়া অথবা তেরখাদা উপজেলায় একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন সুবিধা চালুকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়কে পত্র প্রেরণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এ সময়ে কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।
এছাড়া, বর্তমানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নাম পরিবর্তন করে সুলতানা কামাল মহিলা ক্রীড়া ফাউন্ডেশন নামকরণের বিষয়টি পরবর্তী সভায় উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(এসআর/ ২৭ অক্টোবর ২০২০)