Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 20:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: গত আসরের রানার্সআপ প্যারিস সেইন্ট জার্মেইকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শুরুটা দুর্দান্ত করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার তারা হারাল গতবারের সেমিফাইনালিস্ট আরবি লেইপজিগকে; তাও কি না ৫-০ গোলের বড় ব্যবধানে।

বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে লেইপজিগকে স্বাগত জানিয়েছিল ম্যান ইউ। কিন্তু মাঠের খেলায় ছিল স্বাগত জানানোর কোনো ছাপ। উল্টো অতিথিদের নিয়ে ছেলেখেলাই করেছে রেড ডেভিলরা। ম্যাচে প্রথমার্ধে এক গোল করার পর শেষের ২০ মিনিটে তারা করেছে আরও চারটি।

ম্যান ইউর এ বড় জয়ের মূল অবদান ২২ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ডের। মাত্র ১৮ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূরণ করেছেন তিনি, তাও কি না বদলি খেলোয়াড় হিসেবে নেমে। এছাড়া অন্য দুই গোল করেছেন ম্যাসন গ্রিনউড ও অ্যান্থনি মার্শিয়াল। যা এনে দিয়ে ৫ গোলের বড় জয়।

ম্যাচের ২১ মিনিটের সময় প্রথম গোলটি করেন গ্রিনউড। পল পগবার এগিয়ে দেয়া বল ধরে বাম পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জালের ঠিকানা খুঁজে নেন ১৯ বছর বয়সী এ তরুণ। এর আগে অবশ্য ফ্রেডের জোরালো এক শট ফিরিয়ে লেইপজিগ গোলরক্ষক।

শুরুতেই এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়াতে ম্যাচের দ্বিতীয়ার্ধে গিয়ে ৭৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ম্যান ইউকে। গোলটি আসে ৬৩ মিনিটের সময় বদলি হিসেবে নামা র‍্যাশফোর্ডের পা থেকে। তাকে বল এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস।

এরপর ৭৮ মিনিটের সময় দ্বিতীয় গোল করেন র‍্যাশফোর্ড। আর অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। অর্থাৎ ১৮ মিনিটের মধ্যেই হয় তার তিন গোল। এর মাঝে ৮৭ মিনিটের সময় পেনাল্টি থেকে ম্যাচের চতুর্থ গোলটি করেছিলেন মার্শিয়াল।

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এই হ্যাটট্রিকের মাধ্যমে বেশ কিছু দারুণ কীর্তি গড়েছেন ইংলিশ ফরোয়ার্ড। ম্যান ইউর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে যেকোনো প্রতিযোগিতায় বদলি নামার পর হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে ১৯৯৯ সালে এটি করেছিলেন ম্যান ইউর বর্তমান কোচ ওলে গানার সুলশার।

এছাড়া চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে বদলি নেমে হ্যাটট্রিকের কীর্তি দেখালেন তিনি। তার আগে এটি করা অন্য চারজন হলেন কাইলিয়ান এমবাপে, ওয়াল্টার পান্দিয়ানি, জোসেবা লরেন্তে এবং উয়ে রোজলার। এদের মধ্যে সবচেয়ে কম সময় (২৭ মিনিট) মাঠে থেকে হ্যাটট্রিক করে ফেলেছেন র‍্যাশফোর্ড।

(এসআর/ ২৯ অক্টোবর ২০২০)