Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 10:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: মক্কার ঐতিহাসিক মসজিদ আল হারামের গেটে গাড়ি নিয়ে ‘হামলা’ চালানো হয়েছে। ‘হামলাকারী’ মসজিদের ৮৯ নাম্বার গেট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা চালায় বলে জানা গেছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, শুক্রবার দিনের শেষভাগে মসজিদ আল হারামের গেটে এক ব্যক্তি গাড়ি নিয়ে দ্রুতগতিতে ধাক্কা দেন।

তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি। অভিযুক্ত গাড়িচালককে আটক করেছে সৌদির নিরাপত্তাবাহিনী।

মক্কা প্রশাসনের মুখপাত্র সুলতান আল-দোসারি বলেছেন, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে নিরাপত্তা কর্মকর্তারা জানতে পারেন, মক্কার গ্র্যান্ড মসজিদের প্রবেশদ্বারে একটি গাড়ি আঘাত করেছে।

তিনি বলেন, গ্র্যান্ড মসজিদের দক্ষিণ প্রান্তের একটি রাস্তা দিয়ে দ্রুতগতিতে চলার সময় গাড়িটি হঠাৎ বাক বদলে তীব্রভাবে আঘাত করে। সৌভাগ্যবশত এতে কেউ আহত হননি।

সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, আটক গাড়িচালক সৌদি নাগরিক এবং তিনি মানসিক ভারসাম্যহীন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, গাড়িটি মসজিদের আঙ্গিনায় দ্রুতগতিতে চলার সময় প্লাস্টিকের ব্যারিকেডগুলো ধাক্কা দিয়ে শেষপর্যন্ত একটি গেটের ওপর আছড়ে পড়ে।

(এসআর/ ৩১ অক্টোবর ২০২০)