
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তাঃ- যশোরের বেনাপোল পুটখালী গ্রামের ইউপি সদস্য হাবিবুর রহমান এর বাড়িতে অভিযান চালিয়ে যশোর র্যাব-৬ এর সদস্যরা ৯টি বিদেশী পিস্তল, ১৯টি ম্যাগাজিন ও ৪৯ রাউন্ড গুলিসহ ইউপি সদস্য হাবিবুর রহমানকে আটক করেছে। এ সম্পর্কে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে, এম সারোয়ার হুসাইন (এক্স) বিএন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এই খবর জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ অক্টোবর সকাল ১১.৩০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী পশ্চিম পাড়া সাকিনস্থ ধৃত আসামী হাবিব বিশ্বাস এর একতলা পাঁকা দালানের ভেতর রান্না ঘরের পূর্ব-পশ্চিম কর্নার হইতে অভিযান পরিচালনা করে। এ সময় আসামী মোঃ হাবিব বিশ্বাস (৩৮), পিতা- মৃত কোরবান আলী, সাং- পুটখালী, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর’কে (১) ০৯ (নয়) টি বিদেশী পিস্তল (২) ১৯ (উনিশ) টি পিস্তলের ম্যাগাজিন (৩) ৪৯ (উনপঞ্চাশ) রাউন্ড পিস্তলের গুলি ও ০১ (এক) টি মোবাইল ফোন সহ গ্রেফতার করে। ধৃত আসামী ও জব্দকৃত আলামত যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ মামলা রুজু করা হয়েছে।
(মনি/ডিএফই/৩১ অক্টোবর ২০২০)