
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদীতে জেলা পর্যায়ে ই-ফাইল (নথি) বিষয়ক ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি -২০২০ (২য় পর্ব) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
জেলা পর্যায়ে এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের ই- নথি পরিচালনার ক্ষেত্রে ভিত্তি হিসেবে কাজ করবে উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে জেলার সকল দপ্তরে ই-নথির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রশিক্ষনার্থীদের প্রতি এবং প্রশিক্ষণার্থীদের যথার্থ প্রশিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষকদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের আন্তরিক অনুপ্রেরণা ও সময়োপযোগী নেতৃত্বের কারনে জেলা প্রশাসন, নরসিংদী তাঁর যোগদানের সূচনালগ্ন থেকে ই-নথি কার্যক্রমে ‘বি ক্যাটাগরির’ জেলাসমূহের মাঝে শীর্ষে অবস্থান করছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়াও উল্লেখ্য যে, প্রাথমিক পর্যায়ে ই- নথির প্রশিক্ষণের জন্য সরকারিভাবে কোন অর্থ সংস্থান না থাকায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় স্থানীয় অর্থায়নে নরসিংদী জেলায় প্রথম ই-নথি প্রশিক্ষণ আয়োজন করা হয়েছিলো।
(এসআর/০৫ নভেম্বর ২০২০)