Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 13:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: নতুন করে লকডাউন আরোপের ফলে ইউরোপের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এতে নতুন করে মন্দার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে প্রথম দফা লকডাউনে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, দ্বিতীয় দফায় ততটা ক্ষতি হবে না বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কর্মকর্তারা। খবর এএফপি।

ইউরোপীয় ইউনিয়নের ইকোনমিক অ্যাফেয়ার্স কমিশনার পাওলো জেন্টিলোনি মঙ্গলবার সাংবাদিকদের জানান, কভিড-১৯ নিয়ন্ত্রণে নেয়া কঠোর বিধিনিষেধ অর্থনৈতিক তত্পরতায় প্রভাব ফেলবে। তবে বিভিন্ন কারণে প্রভাবটা গত বসন্তের চেয়ে কিছুটা কম হবে।

নভেল করোনাভাইরাস মহামারীর অনিশ্চিত গতিবিধির কারণে ভবিষ্যৎ নিয়ে পূর্বাভাস দেয়া যে বেশ কঠিন, সে বিষয়টিও উল্লেখ করেন তিনি।

ইউরো অঞ্চলের বেইলআউট তহবিল দি ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজমের প্রধান ক্লাউস রেগলিং বলেন, স্বাস্থ্য খাতের ক্রম খারাপ অবস্থা ইউরো ব্যবহারকারী ১৯টি দেশের দ্বিগুণ মন্দার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন রেগলিং। বৈঠকে মন্ত্রীরা বড় আকারের প্রণোদনা প্যাকেজ গ্রহণের আাাহ্বান জানিয়েছেন। কিন্তু ইউরোপীয় পার্লামেন্ট ও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতা প্রক্রিয়া ঝুলে রয়েছে।

প্যাকেজের ব্যাপারে দ্রুত ঐকমত্যে পৌঁছার জন্য সদস্য রাষ্ট্র ও এমইপিদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরো গ্রুপের প্রধান প্যাসকাল ডনোহি। তিনি আরো বলেন, আগামী দিনগুলোয় অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তায় এ প্যাকেজ পাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত সপ্তাহের উপাত্তে দেখা গেছে, তৃতীয় প্রান্তিকে ইউরো অঞ্চলের অর্থনীত ১২ দশমিক ৭ শতাংশ সম্প্রসারিত হয়েছে। প্রান্তিকওয়ারি এ প্রবৃদ্ধি হলেও মনে রাখতে হবে মহামারীর চূড়ান্ত পর্যায়ে গত এপ্রিল থেকে জুন প্রান্তিকে অঞ্চলটির অর্থনীতি ১১ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছিল।

(এসআর/০৫ নভেম্বর ২০২০)