
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: লালমনিরহাটের পাটগ্রামে শহিদুন্নবী জুয়েল নামে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আবুল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (০৭ নভেম্বর) ভোরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা তাকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে বলেন, আবুল হোসেনকে আজ ভোরে ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেফতার করে।
তিনি বলেন, আবুল হোসেন পুলিশের নজরদারিতে ছিল। পরে গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এক টিমের কাছে গোপন সংবাদ আসে- আবুল হোসেন কুড়িল বিশ্বরোড এলাকায় থাকবে। এ খবরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি টিম কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেয়। পরে ভোরে বাস থেকে কুড়িল বিশ্বরোড এলাকায় নামলে ডিবি পুলিশের টিম তাকে গ্রেফতার করে।
আবুল হোসেনকে লালমনিরহাটে নিয়ে যাওয়া হয়েছে এবং জেলা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে জুয়েলকে হত্যার পরে লাশ টেনে নিয়ে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে পেট্রোল, কাঠখড়ি ও টায়ার দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় রুজু হওয়া তিনটি মামলায় এজাহারনামীয় ১১৪ জন আসামি ও অজ্ঞাত শত শত আসামির মধ্যে এখন পর্যন্ত চার দফায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মসজিদের খাদেম জুবেদ আলীও রয়েছেন।
(এসআর /০৭ নভেম্বর ২০২০)