
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চলমান মহামারীর পর দেশে অর্থনীতিকে উন্নয়নের পাশাপাশি সবধরনের ‘বিভাজন সরিয়ে ঐক্যবদ্ধ আমেরিকা’ গড়ার প্রত্যয় জানিয়েছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শনিবার ঐতিহাসিক বিজয়ের পর রাতে (বাংলাদেশ সময় রবিবার সকালে) দেয়া ভাষণে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ডেলাওয়ার রাজ্যের উইলমিংটনে ডেমোক্রেট দলের নির্বাচনী প্রচার সদর দপ্তর থেকে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘লাল কিংবা নীল রাজ্য নয়, আমার নজরে রয়েছে শুধুমাত্র আমেরিকা।’
শুরু থেকেই জয়ের উচ্ছ্বাস প্রকাশে বেশ সতর্ক সাবেক ভাইস প্রেসিডেন্ট, বারাক ওবামার রানিং মেট জো বাইডেন। এদিনও স্বভাব সুলভ ছিলেন; তবে জয়ে বেশ চাঙ্গা ৭৭ বছর বয়সী এই রাজনীতিক তার রানিং মেট কমলা হ্যারিসের আহ্বানে মঞ্চে প্রবেশ করেছেন দৌঁড়ে।
তিনি তার বক্তব্যে মহামারীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে টেনে তোলার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন। তবে এ জন্য তিনি রাজনৈতিক মতভেদ, বর্ণ বৈষম্য দূর করে সংঘবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বাইডেন সমর্থকদের উদ্দেশে বলেন, ‘একতাবদ্ধ হওয়ার এটাই সময় এবং আমেরিকার ক্ষত সারানোরও পালা এসেছে। সবধরনের বিদ্বেষকে পেছনে ফেলে ফের একসঙ্গে কাজ করার সময় এসেছে।’
এবারের নির্বাচনে ইতিহাসে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। এই মহামারীতে করোনা ভাইরাস নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘খামখেয়ালি’ ও বিপুল সংখ্যক প্রাণহানির ‘ব্যর্থতা’ বাইডেনের জয়ে ভূমিকা রেখেছে বলে ধারণা বিশ্লেষকদের। একই সঙ্গে এই মহামারী চলাকালেই এক কৃষ্ণাঙ্গের মৃত্যুতে আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়া বর্ণবাদ বিরোধী আন্দোলনও একটা বিশেষ কারণ মনে করা হচ্ছে। ভাষণেও আফ্রিকান আমেরিকানদের পাশে থাকার অঙ্গিকার জানান বাইডেন। তিনি বলেন, দেশের অ্যাফ্রো-আমেরিকানদের ধন্যবাদ। আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন। এ বার আমি আপনাদের পাশে থাকব।
(ডিএফই/০৮ নভেম্বর ২০২০)