
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নিষেধাজ্ঞা কাটিয়ে এক বছরের বেশি সময় পর আজ সোমবার সাকিব আল হাসান যান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে ফিটনেস পরীক্ষার জন্য সকালে ‘হোম অব ক্রিকেটে’ যান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
২০১৯ সালের ২৯ অক্টোবর ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। জুয়াড়ির সঙ্গে কথোপকথন গোপন করায় দুই বছরের জন্য তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত হয়। বাকি এক বছর ক্রিকেটের বাইরে থাকতে হয় দেশসেরা ক্রিকেটারকে। সম্প্রতি শেষ হয়েছে সাকিবের ওপর আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ।
এবার মাঠে নামার পালা। তবে তার আগে সাকিবকে পাস করতে হবে ফিটনেস পরীক্ষায়। দিতে হবে বিপ টেস্ট। আগামীকাল মঙ্গলবার বিপ টেস্ট দেবেন তিনি।
বাংলাদেশি এই অলরাউন্ডার জানান, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে খেলেছিলেন সাকিব।
আগামী বছরের শুরুর দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। সেই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব।
এদিকে নিষেধাজ্ঞায় থাকাকালীন বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন সাকিব। দুই কন্যা আর পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।
দূর দেশে থেকেও করোনা পরিস্থিতিতে দেশের অসহায় মানুষকে সাহায্য করে যান তিনি। নিজের নামে একটি ফাউন্ডেশন চালু করে নিরলসভাবে কাজ করে যান। মানুষের সাহায্যের জন্য বিক্রি করে দেন ইংল্যান্ড বিশ্বকাপ রাঙানো প্রিয় ব্যাট। খাদ্য সহায়তা, করোনা কিট কেনা, অ্যাম্বুলেন্স দেওয়া, বন্যায় ক্ষতিগ্রস্তসহ অনেককেই সাহায্য করেন তিনি।
শ্রীলঙ্কা সফর দিয়ে ফিরবেন বলে মাঝে দেশে ফিরেছিলেন সাকিব। যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে বিকেএসপির মাঠে নিবিড় অনুশীলনও করেন বাংলাদেশের বিশ্ব তারকা। কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় আবারও যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান সাকিব। সম্প্রতি আবার ফিরেছেন।
(এসএইচআর/এসএএম/০৯ নভেম্বর ২০২০)