
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় সরকারি খাস জমি উদ্ধারে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে বুধবার (১১ নভেম্বর ২০২০) শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালিয়েছে স্থানীয় প্রশাসন।
নরসিংদীর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার, শিবপুর এর সার্বিক তত্ত্বাবধানে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণী) পরিবার পূনর্বাসনের লক্ষ্যে শিবপুর উপজেলার জয়নগর, দুলালপুর, বাঘাব, চক্রধা ও যোশর ইউনিয়নের খাস জমি উদ্ধারপূর্বক সীমানা চিহ্নিতকরণসহ দখল নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন নিজের ফেসবুক পেইজে উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সদা তৎপর জেলা প্রশাসন, নরসিংদী। ভূমিহীন ও গৃহহীনদের সহায়তা প্রদানে জেলা প্রশাসন, নরসিংদীর এ কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে।
(এসএএম/১২ নভেম্বর ২০২০)