
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২০২১ সালের শুরু থেকে অ্যাপ স্টোরের কমিশন কমাচ্ছে অ্যাপল। আগামী ১ জানুয়ারি থেকে অ্যাপ স্টোর থেকে যে কোনো অ্যাপ ও সেবা বিক্রির থেকে ১৫ শতাংশ কমিশন নেবে প্রতিষ্ঠানটি। তবে সব ডেভেলপার এ সুযোগ পাবেন না। অ্যাপ স্টোর থেকে যাদের বার্ষিক আয় ১০ লাখ ডলারের কম তারাই এ সুবিধা পাবেন। সিনেট।
বর্তমানে সব ডেভেলপারকে পেইড অ্যাপের আয় ও ইন-অ্যাপ পার্চেস থেকে ৩০ শতাংশ অর্থ অ্যাপলকে দিতে হয়। অ্যাপ স্টোরে ক্ষুদ্র ডেভেলপারদের সহায়তা করার লক্ষ্যে কমিশনে ছাড় দেয়ার উদ্যোগ নিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির এ প্রোগ্রামের আওতায় অ্যাপ স্টোরের বেশির ভাগ ডেভেলপার ১৫ শতাংশ ছাড় পাবেন। অ্যাপ স্টোরে রেজিস্টার্ড অ্যাপ নির্মাতার সংখ্যা ২ কোটি ৮০ লাখ। তবে কতসংখ্যক ডেভেলপার এ সুবিধা পাবেন তা জানায়নি অ্যাপল। কমিশন কমানোতে আয় কত কমবে, তা-ও প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
প্রোগ্রামটিতে অংশ নিতে অ্যাপলের কাছে আবেদন জানাতে হবে আগামী ডিসেম্বরের মধ্যে। প্রোগ্রামটিতে রেজিস্টার করা কোনো ডেভেলপারের আয় যদি ২০২১ সালে ১০ লাখ ডলারের বেশি হয়ে যায়, তবে তার নাম বাতিল হয়ে যাবে। অন্যদিকে, প্রোগ্রামে অংশ না নেয়া ডেভেলপারের আয় যদি ১০ লাখ ডলারের কম হয়, তবে তারা ১৫ শতাংশ কমিশন কমানোর জন্য আবেদন জানাতে পারবেন।
এ বিষয়ে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, ফান্ড গঠনে নতুন ডেভেলপারদের সহায়তা করতে, নতুন আইডিয়া বাস্তবায়নে ঝুঁকি নিতে, কর্মী সংখ্যা বাড়াতে এবং মানুষের জীবনকে অ্যাপের মাধ্যমে আরো সহজ করে তুলতে এ প্রোগ্রাম চালু করা হচ্ছে। এবারই প্রথম নয়, এর আগে ২০১৬ সালে ১৫ শতাংশ কমিশন কমিয়েছিল প্রতিষ্ঠানটি।
(ডিএফই/২২ নভেম্বর ২০২০)