
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গোটা দেশের এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
শনিবার সেখানে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, হঠাৎ শনিবার তাপমাত্রার পারদ নেমে যায়। কারণ আগের দিন শুক্রবারই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অথচ ২৪ ঘণ্টার ব্যবধানে শনিবার সকাল ৯টায় তা নেমে আসে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। চলতি শীত মৌসুমে দেশের কোথাও তাপমাত্রা এর নিচে নামেনি।
অন্যদিকে, আবহাওয়া বিভাগের তথ্যানুযায়ী সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দেশের উত্তরাঞ্চলে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট যে লঘুচাপটি অবস্থান করছিল, তা দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
(কেএইচকে / ২৮ নভেম্বর ২০২০)