Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 21:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: কোভিড-১৯ মহামারীর কারণে টোকিও অলিম্পিকের ব্যয় ১৯০ কোটি ডলার বা ২০ হাজার কোটি ইয়েন বাড়তে পারে। এমনটাই প্রাক্কলন করছে অলিম্পিক আয়োজন কমিটি। সূত্র মারফত এ তথ্য নিশ্চিত করেছে জাপানি সংবাদমাধ্যম ইওমিয়ুরি শিম্বুন। শুরুতে ১ হাজার ৩০০ কোটি ডলারের বাজেট ছিল অলিম্পিক কমিটির।

চলতি বছরের জুলাই-আগস্টের গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারা অলিম্পিক ২০২১ সালে পিছিয়ে নেয়ায় ব্যয় বাড়ছে ১৫ শতাংশ। এতে নতুন করে ভেনু বুক করা এবং কর্মরত কর্মীদের বর্ধিত সময়ের জন্য বেতনাদি দেয়া, পরিবহন ব্যয়সহ বিভিন্ন ব্যয় বাড়ছে। এছাড়া অনেক টিকিট রিফান্ড দিতে যে ব্যয় হবে, তাও এর মধ্যে যুক্ত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অলিম্পিক কর্মকর্তার বরাত দিয়ে গতকাল ইওমিয়ুরি শিম্বুন জানায়, এই বিশাল বাড়তি ব্যয় কীভাবে নির্বাহ করা হবে এবং কীভাবে বণ্টন করে দেয়া যায়, তা নির্ধারণ করতে আগামী মাসে জাপান সরকার, টোকিও নগর প্রশাসন ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসবে আয়োজক কমিটি।

নভেল করোনাভাইরাস মহামারীর কারণে ঠিক এক বছর পিছিয়ে নেয়া অলিম্পিক আসর ২০২১ সালের ২৩ জুলাই শুরু হবে, শেষ হবে ৮ আগস্ট। ১৮৯৬ সালে এথেন্সে আধুনিক অলিম্পিক শুরু হয়, এরপর এই প্রথম কোনো অলিম্পিক গেমস স্থগিত হলো।

কভিড-১৯ মহামারীর বিস্তার রোধে যে ব্যয় করা হয়েছে, তা অবশ্য অলিম্পিকের এই বাড়তি ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রাথমিকভাবে এটা জাপান সরকারই সামাল দিয়েছে বলে জানা গেছে।

গেমসটি এক বছর পেছানোয় স্বাগতিক দেশ, স্পন্সর, সম্প্রচারসহ বিশাল ক্ষতির মুখে পড়ে, কেননা তারা বিলিয়ন বিলিয়ন ইয়েন বিনিয়োগ করেছে।

(কেএইচকে / ৩০ নভেম্বর ২০২০)