Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 04:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক,বিনিয়োগবার্তা, ঢাকা: অসংখ্য অসাধারণ মানুষের অসামান্য অবদানে আমরা পেয়েছি গৌরবোজ্জ্বল বাংলাদেশ। তাদের এ অবদানের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই ঋণ স্বীকার ও কৃতজ্ঞতা প্রকাশের অঙ্গীকারে ২০১৭ থেকে ওকে ওয়ার্ল্ড ও চ্যানেল আই প্রবর্তন করেছে ‘ওকে ওয়ার্ল্ড-চ্যানেল আই গোল্ড অ্যাওয়ার্ড’ অসাধারণত্বের সম্মাননা।

প্রথমবার এই সম্মাননায় ভূষিত হয়েছেন নন্দিন চলচ্চিত্র ব্যক্তিত্ব ববিতা। তাকে গতকাল শনিবার (২০ মে) সন্ধ্যায় গুলশান ২- এর ফোর পয়েন্ট বাই শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননার অংশ হিসেবে উত্তরীয়, স্বর্ণপদক ও ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অসাধারণ অভিনয়ের কৃতিত্বে বিশ্ব চলচ্চিত্রের দরবারে আমাদের প্রিয় মাতৃভূমি এবং চলচ্চিত্রভুবনকে বিশেষ মর্যাদা দানের জন্য চলচ্চিত্র অভিনেত্রী ববিতাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

ববিতার পাশাপাশি ক্রীড়াশিক্ষক হিসেবে বিশ্ব ক্রিকেট দরবারে বাংলাদেশের অসংখ্য বিশ্বসেরা ক্রিকেটার তৈরির অবদানে সৈয়দ আলতাফ হোসেন এবং স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন চ্যারিটি ফুটবল ম্যাচ আয়োজন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আরো বেগবান করার মহান ভূমিকায় আইনুল হক, দেশের স্বাধীনতা, সাংবাদিকতা, শিল্প সংস্কৃতিতে অবিস্মরণীয় অবদানের জন্য মরহুম শাহাদত চৌধুরীকে কৃতজ্ঞতা প্রকাশের স্বরূপ হিসেবে এ সম্মাননা জানানো হয়।

শাহাদত চৌধুরীর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী সেলিনা চৌধুরী ও মেয়ে শাশা চৌধুরী। বাকিরা নিজেরাই উপস্থিত হয়ে সম্মাননা নিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ওকে ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম বাপ্পী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আফজাল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাত্রার সত্ত্বাধিকারী সানাউল আরেফিন, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রস্তাবক সাইদুর রহমান প্যাটেল, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু, জাতীয় ক্রিকেট দলের সাবক প্রধান নির্বাচক ফারুক আহমেদ, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, জাতীয় ক্রিকেট দলের সাবকে খেলোয়াড় জাবেদ ওমর বেলিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, চিত্রনায়িকা চম্পা, নারী উদ্যোক্তা কনা রেজা, নওরিন জাহান প্রমুখ।

(এমআইআর/ ২১ মে ২০১৭)