Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 17:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শেষবার দুই জন মুখোমুখি হয়েছিলেন সেই ২০১৮ সালে। দীর্ঘ ৯৪৬ দিনের সে খরা কাটছে আজ। চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবেন দুই দলের দুই মহাতারকা।
অন্যদিকে ‘এইচ’ গ্রুপ অলিখিত নক-আউট ম্যাচে মুখোমুখি হচ্ছে রেডবুল লিপজিগ আর ম্যানচেস্টার ইউনাইটেড। একই গ্রুপে শঙ্কা নিয়ে মাঠে নামবে নেইমারদের পিএসজিও।

ফুটবলীয় মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় থাকা ন্যু ক্যাম্পে দীর্ঘ আড়াই বছর পর এল ক্ল্যাসিকোর উত্তাপ ছড়িয়ে মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা আজ। প্রায় দেড় যুগ ধরে ফুটবলীয় শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করা এই দুই তারকার শেষ প্রতিযোগিতামূলক খেলাও হয়ে যেতে পারে এটি। উত্তাপ থাকলেও গ্রুপের হিসাবনিকাশে তেমন কোনো পরিবর্তন আসার খুব একটা সম্ভাবনা নেই এই ম্যাচের। পরিবর্তন আসতে পারে, যদি জুভেন্তাস বার্সেলোনাকে হারায় চার গোলের ব্যবধানে। সেক্ষেত্রে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় পর্বে যাবেন রোনালদোরা, বার্সা হবে রানার্স আপ।

ওদিকে ‘এইচ’ গ্রুপে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে লাইপজিগ, ইউনাইটেড। এই ম্যাচে পরাজিত হওয়া দলের সম্ভাব্য পরিণতি হচ্ছে ইউরোপা লিগ। ইউনাইটেড, পিএসজি, লাইপজিগ; এই গ্রুপের তিনটি দল অবস্থান করছে সমান ৯ পয়েন্ট নিয়ে। তবে নিজের মাঠে অপেক্ষাকৃত দুর্বল ইস্তানবুল বাসাসেহিরকে আমন্ত্রণ জানানো নেইমাররা আছেন কিছুটা সুবিধাজনক স্থানে। এ ম্যাচে হার এড়ালেই শেষ ষোলয় চলে যাবে দলটি।

‘এফ’ গ্রুপেও প্রায় একইরকম সমীকরণে ল্যাজিও। ক্লাব ব্রুজের বিপক্ষে হার এড়াতে পারলেই ২১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে পা রাখবে সিমন ইনজাঘির ল্যাজিও। এই গ্রুপের অন্য ম্যাচে জেনিথের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। অন্যান্য গ্রুপে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে চেলসি, সেভিয়া, রেন, ডায়নামো কিয়েভ।

(ডিএফই/০৮ ডিসেম্বর ২০২০)