Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 19:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: যুক্তরাজ্য ও ভিয়েতনাম একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এর আওতায় আগামী সাত বছরের মধ্যে উভয় দেশের ৯৯ শতাংশ শুল্ক প্রত্যাহার হবে। খবর ব্লুমবার্গ।

শুক্রবার উভয় দেশের বাণিজ্যমন্ত্রী এক যৌথ বিবৃতিতে জানান, যদি চুক্তিটি কার্যকর হয় তাহলে ভিয়েতনামের ১১ কোটি ৪০ লাখ পাউন্ড বা ১৫ কোটি ১০ লাখ ডলার শুল্ক বাঁচবে। যুক্তরাজ্যের রফতানিতে শুল্ক বাঁচবে ৩ কোটি ৬০ লাখ পাউন্ড।

ভিয়েতনামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ট্রান তুয়ান আন বলেন, ২০১৮ সালের আগস্ট থেকেই একটি মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা চালিয়ে আসছিল উভয় পক্ষ। ইইউ থেকে আগামী ৩১ ডিসেম্বর যুক্তরাজ্য বেরিয়ে এলে ভিয়েতনামের পুরনো চুক্তি কার্যকর থাকবে না। ১ জানুয়ারি থেকে ভিয়েতনাম ও যুক্তরাজ্যের নতুন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হবে।

ইউরোপে ভিয়েতনামের তৃতীয় বৃহৎ বাণিজ্য অংশীদার হচ্ছে যুক্তরাজ্য। গত বছর যুক্তরাজ্যে ৪৬০ কোটি পাউন্ডের পণ্য রফতানি করেছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি। অন্যদিকে ভিয়েতনামে ৬০ কোটি পাউন্ডেরও বেশি মূল্যের পণ্য রফতানি করেছে যুক্তরাজ্য।

ভিয়েতনামের সরকারি ওয়েবসাইটের বরাতে জানা গেছে, নভেল করোনাভাইরাস মহামারীর কারণে চলতি বছরের প্রথম ১০ মাসে যুক্তরাজ্য ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক বাণিজ্য কমেছে ১৫ শতাংশ।

বৃহস্পতিবার সিঙ্গাপুরের সঙ্গে একই ধরনের চুক্তি স্বাক্ষরের একদিন পর ভিয়েতনামের সঙ্গে চুক্তিতে পৌঁছল যুক্তরাজ্য। গতকাল লন্ডনের পক্ষে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য হ্যানয়ে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিজ ট্রুস।

(ডিএফই/১২ ডিসেম্বর ২০২০)