Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Aug 2026 02:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চট্টগ্রাম নগরীতে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার ( ১৫ ডিসেম্বর) চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় রাজধানীর নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রাম নগরীতে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার এবং এর মধ্য দিয়ে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের যে প্রত্যাশা তা পূরণ করা হবে।

উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকার চট্টগ্রামবাসীর সঙ্গে আছে। মহিউদ্দিন চৌধুরী-আক্তারুজ্জামান বাবুরা যে স্বপ্ন দেখেছেন, চট্টগ্রামকে সেই অপরূপ সাজে সজ্জিত করা হবে।

চট্টগ্রামে অনেক কাজ করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, গতকাল সোমবার কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে এই টানেল নির্মিত হবে বলে আশা করছি। তখন দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নের-অর্জনের বিশাল দরজাও খুলে যাবে।

এই টানেল কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামকে সংযুক্ত করবে এবং চট্টগ্রাম হবে সাংহাই নগরীর মতো ওয়ান সিটি টু টাউন। একদিকে ব্যবসা-বাণিজ্য, অন্যদিকে এগিয়ে যাবে কলকারখানা স্থাপনের কাজ এবং অপরূপ সাজে সজ্জিত হবে বন্দরনগরী।

সভায় আরো বক্তব্য রাখেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সন্তান ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।

(কেএইচকে / ১৫ ডিসেম্বর ২০২০)