Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 01:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদীতে প্রকাশ্যে এক নারী এনজিওকর্মীর হাতের কবজি কেটে ফেলে এক লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ভোক্তভোগী এনজিও কর্মীর নাম শান্তা আক্তার (৩১)। তিনি আশা এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের পশ্চিম কান্দাপাড়া মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শান্তার বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানান, শান্তা আক্তার শহরের বিভিন্ন এলাকায় ঋণের কিস্তি সংগ্রহের জন্য ঘুরছিলেন। তিনি এক পর্যায়ে পৌর শহরের পশ্চিম কান্দাপাড়া মহিলা কলেজ এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে শান্তার বাম হাতে কোপ দেয়। এতে তার হাতের কবজি আলাদা হয়ে যায়। পরে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা কিস্তির সংগ্রহের নগদ টাকা, মোবাইল ফোন ও ট্যাব নিয়ে পালিয়ে যায়।

আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান ওসি বিপ্লব কুমার দত্ত।

(এসএইচআর/এসএএম/১৫ ডিসেম্বর ২০২০)