
বিনিয়োগবার্তা ডেস্ক: অনলাইন বিজ্ঞাপন বাজার গুগল অবৈধভাবে একচেটিয়া নিয়ন্ত্রণ করছে এমন অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্য।
অঙ্গরাজ্যগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, অনলাইন বিজ্ঞাপনের নিলাম নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এমন অভিযোগে তারা ফেসবুকের বিরুদ্ধেও মামলা দায়ের করতে যাচ্ছে। খবর বিবিসির।
এটি ফেসবুকের বিরুদ্ধে সর্বশেষ নেয়া আইনি পদক্ষেপ। ইতোমধ্যেই আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর চাপের মুখে আছে প্রতিষ্ঠানটি। তবে এ সম্পর্কে ফেসবুকের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে গুগল তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা আদালতে নিজেদের রক্ষায় ‘শক্তভাবে’ কাজ করবে। গুগলের মোট আয়ের ৮০ শতাংশই আসে বিজ্ঞাপন থেকে।
এ প্রসঙ্গে গুগলের এক মুখপাত্র বলেন, ‘আমরা সর্বাধুনিক বিজ্ঞাপন প্রযুক্তি সেবায় বিনিয়োগ করেছি যা ব্যবসায়ীদের ও ভোক্তাদের সহায়তা করে। গত কয়েক দশকে ডিজিটাল বিজ্ঞাপনের দাম কমেছে। বিজ্ঞাপন প্রযুক্তির খরচও কমতির পথে। এই শিল্পে গড় খরচের চেয়ে গুগলের বিজ্ঞাপন প্রযুক্তির খরচ কম। এগুলোই একটি উচ্চ প্রতিযোগিতাময় শিল্পের বৈশিষ্ট্য।’
মামলায় বলা হয়, গুগলের অনলাইন বিজ্ঞাপন বাজারের নিয়ন্ত্রণই এই আইনি পদক্ষেপের উদ্দেশ্য। ২০০৮ সালে ডাবলক্লিক সফটওয়্যার কেনার মাধ্যমে গুগল এই নিয়ন্ত্রণ পাকাপোক্ত করে। প্রচারকরা তাদের অনলাইন বিজ্ঞাপন বিক্রির জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন।
মামলাকারী ১০টি অঙ্গরাজ্য হলো- টেক্সাস, আরকানসাস, ইন্ডিয়ানা, কেনটাকি, মিসৌরি, মিসিসিপি, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ইউটাহ ও আইডাহো। মামলার নেতৃত্ব দিচ্ছে টেক্সাস। এই সবগুলো অঙ্গরাজ্যেই প্রসিকিউটররা রিপাবলিকান দলের।
মামলায় আরও অভিযোগ করা হয়, গুগল অনলাইন বিজ্ঞাপনে ফেসবুককে কিছু বাড়তি সুবিধা দিচ্ছে। এর বিনিময়ে ফেসবুক গুগলের সঙ্গে প্রতিযোগিতার কিছু পরিকল্পনা বাদ দেয়।
টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন বলেন, এই মুহুর্তে আপনি যখন আপনার বিশ্বস্ত কোনো পত্রিকা যেমন ওয়াল স্ট্রিট জার্নাল বা আপনার প্রিয় স্থানীয় কোনো পত্রিকার ওয়েবসাইটে যান, সেখানে গুগলের বিজ্ঞাপন আপনি দেখতে পাবেন। কিন্তু গুগল আপনাদের কাছে জানায় না যে তারা বিজ্ঞাপনের নিলাম নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তার নিয়মিতভাবে ওই ওয়েব পেজগুলো থেকে অবৈধভাবে আয় করছে এবং তা নিজেদের পকেটে ভরছে। আপনি যে ওয়েব পেজে যান বা পড়েন সেগুলোর ক্ষতি করার অধিকার গুগলের নেই।
(কেএইচকে / ১৭ ডিসেম্বর ২০২০)