Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 21:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বেনাপোল স্থল বন্দর দিয়ে আবারও ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে। বন্দরের ভারতীয় অংশ পেট্রাপোলে শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করায় গতকাল সোমবার সকাল থেকেই কার্যক্রম বন্ধ হয়ে আছে।

জানা গেছে, দাবি আদায়ের জন্য শ্রমিকরা ২১ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় স্থল বন্দর কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ হয়নি। তাই সোমবার সকাল থেকেই কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। ফলে দুই দেশের সীমান্তে এখন হাজারেরও অধিক পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে।

তবে বেনাপোল কাস্টমস হাউজ, বন্দরের অন্যান্য কার্যক্রম এবং যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বন্দরে কর্মরত বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বে ‘পেট্রাপোল জীবন-জীবিকা বাঁচাও কমিটি’ কয়েকদিন আগে প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছিল। কিন্তু এ নিয়ে ভারতীয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

তাই গতকাল সোমবার সকাল থেকে পেট্রাপোল স্থলবন্দরের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন। এরপর থেকেই উভয় দেশের মধ্যকার আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। অচলাবস্থা নিরসনে বন্দর প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে, যোগ করেন তিনি।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার শহিদুল ইসলাম বলেন, পেট্রাপোলে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। তাই দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

(কেএইচকে / ২২ ডিসেম্বর ২০২০)