
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিসের শেয়ার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগে ২ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এছাড়া জন্য করণীয় নির্ধারণের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও উভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে কমিশন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিএসইসি জেনেক্স ইনফোসিসের অস্বাভাবিক লেনদেন পর্যবেক্ষন করেছে। আর এ কারণে বিএসইসি কোম্পানিটির শেয়ার নিয়ে কিছু ব্যক্তির অস্বাভাবিক লেনদেনের বিষয়ে এনফোর্সমেন্ট অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় ২ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানের বিও হিসাবে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার জব্দ করারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এনফোর্সমেন্ট অ্যাকশন শেষ না হওয়া পর্যন্ত ওই শেয়ার জব্দ থাকবে।
জব্দ করা ব্যক্তি ও প্রতিষ্ঠান ৩টি হলো- মো. রেজাউল করিম খান, মি: উজি ও আইপিই ক্যাপিটাল। এরমধ্যে মো. রেজাউল করিম খানের বিও নম্বর- ১২০৫৫৯০০৬৮০০১০৫৬। আর উজির বিও নম্বর ১২০৫৫৯০০৬৮২৪৭৯১৯ ও আইপিই ক্যাপিটালের বিও নম্বর ১২০৫৫৯০০৬১৯৮১৮৬৫।
(এসএএম/৩০ ডিসেম্বর ২০২০)