
বিনিয়োগবার্তা ডেস্ক: চীনা বিনিয়োগে সচল উজবেকিস্তানের ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ২০২০ সাল শেষে ১ হাজার ৮০০-তে দাঁড়িয়েছে। মধ্য এশিয়ার দেশটিতে বৈদেশিক বিনিয়োগে রাশিয়ার পরই রয়েছে চীন।
উজবেকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব পরিসংখ্যান দপ্তর গত শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিনহুয়া।
পরিসংখ্যান দপ্তর বলছে, চীনা সহায়তায় ১ হাজার ৭৯৯টি কোম্পানি উজবেকিস্তানের শিল্প ও বাণিজ্য, নির্মাণ, তেল ও গ্যাস অনুসন্ধান, পরিবহন, অবকাঠামো নির্মাণ, টেলিযোগাযোগ, বস্ত্র, রাসায়নিক এবং লজিস্টিক ও কৃষিতে কাজ করে যাচ্ছে। বৈদেশিক বিনিয়োগে পরিচালিত কোম্পানির সংখ্যা ২০১৯ সালের তুলনায় ১ হাজার ৩৯৯টি বেড়েছে।
সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, উজবেকিস্তানে কাজ করা বেশির ভাগ বিদেশী কোম্পানি রাশিয়া, চীন, তুরস্ক, কাজাখস্তান ও দক্ষিণ কোরিয়ার। এছাড়া শিল্প, বৈদেশিক বাণিজ্য, নির্মাণ ও কৃষিতে বেশির ভাগ বিদেশী বিনিয়োগ যায়।
গত বছর ৬৬০ কোটি ডলার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) নিশ্চিত করা উজবেকিস্তান চলতি বছরে ৭৬০ কোটি ডলার এফডিআই আকর্ষণ করতে চাইছে।
(এসএএম/১০ জানুয়ারি ২০২১)