Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 15:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ‘সংশপ্তক’ নাটকের মালু চরিত্রের এবং মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই। মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংবাদ মাধ্যমকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছেলে অয়ন রহমান।

মৃত্যুকালে অভিনেতা দিলুর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা একটায় দিলুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে বেলা তিনটায় তাঁকে নেওয়া হবে শিল্পকলা একাডেমি চত্বরে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে নেওয়া হবে বনানী কবরস্থানে। সেখানে গার্ড অব অনার জানিয়ে দাফন করা হবে।

অভিমানে লম্বা সময় ধরে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন মালুখ্যাত মুজিবুর রহমান দিলু।

তাঁর জন্ম ১৯৫২ সালের ৬ নভেম্বর। টিভি নাটকের আগে থেকেই এই অভিনেতা মঞ্চে অভিনয় করতেন। মঞ্চ থেকে তাঁর অভিনয় শুরু। ১৯৭২ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হন। ১৯৭৬ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করেছেন। তবে মাঝে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন।

স্ত্রী রানী রহমান, দুই ছেলে অয়ন রহমান, অতুল রহমান ও এক মেয়ে তানজিলা মুজিবকে নিয়ে ঢাকার উত্তরায় বসবাস করতেন মুজিবুর রহমান দিলু। শান্ত মরিয়াম বিশ্ববিদ্যালয়ে নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

(ডিএফই/১৯ জানুয়ারি, ২০২১)