Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 02:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্ততর। মঙ্গলবার বেলা ১১টায় সিলেটের জিন্দাবাজারের এক বাসা থেকে গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক প্রভাত রঞ্জন সিংহের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িটির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।

প্রভাত রঞ্জন জানান, আটককৃত গাড়িটি সিলেট শুল্ক গোয়েন্দা অফিসে রয়েছে। মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িটির মূল্য প্রায় দেড় কোটি টাকা।
এ দিকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। বেলা ৩টায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিজি জানান, অর্থের উৎস সন্ধান করতে গিয়ে প্রথমে শুল্ক ফাঁকি ধরা পড়ে। এরপর দেখা যায় গাড়িটির ম্যানুফ্যাকচার ২০১১ সালের কিন্তু ২০০২ সালের দেখিয়ে রেজিস্ট্রেশন করা। তাই গাড়িটি জব্দ করা হয়েছে।

ডিজি বলেন, ট্র্যাকিংয়ের মাধ্যমে গাড়িটি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি ক্রয় করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গাড়িটি কারনেট সুবিধায় ক্রয় করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গাড়িটি সিলেটের জিন্দাবাজার এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। ওই বাড়িটি দিলদার আহমদের মামার।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, রেইন ট্রি হোটেলে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি সাফাত জব্দকৃত এ গাড়িটি ব্যবহার করেই সিলেটে পালিয়ে যায়।

 

(ইউএম/ ২৩ মে ২০১৭)