Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 09:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: এখন থেকে প্রতিবছর ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও তার নিচের দুই স্তরের কর্মকর্তার সব ধরনের সম্পদ বিবরণী নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এসব কর্মকর্তাদের পারিবারিক ব্যবসার তথ্যও দিতে বলা হয়েছে। এ তথ্য সংশ্লিষ্ট বাংককে সংরক্ষণ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইটে এ সংক্রান্ত একটি সার্কুলার আপলোড করা হয়েছে। সার্কুলারটি ব্যাংকের চেয়ারম্যান ও এমডি বরাবর পাঠানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান দেখভাল ও অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তার তালিকা ও পরিচয় দাখিলের জন্য গভর্নরকে নির্দেশ দেন আদালত।

অর্থ লুটপাট ও পাচারে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের কোনো ইন্ধন বা যোগসাজশ ছিল কিনা তা যাচাইয়ের জন্য এসব তথ্য চাওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ১৮ ধারার উপধারা (২) এ বর্ণিত বিধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। ধারাটির বিধান পরিপালনের লক্ষ্যে প্রত্যেক ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা ও তার নিম্নতর দুইস্তর পর্যন্ত কর্মকর্তাদেও নিজ-নিজ বাণিজ্যিক, আর্থিক, কৃষি, শিল্প এবং অন্যান্য ব্যবসার নাম, ঠিকানা ও অন্যান্য বিবরণী প্রতি পঞ্জিকা বছর শেষে পরবর্তী বছরের ২০ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পারিবারিক ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্টতার বিবরণীও জমা দিতে বলা হয়েছে।

সার্কুলার থেকে আরও জানা যায়, ২০২০ সালের বিবরণীসমূহ আগামী ২৮ ফেব্রুয়ারির পর্যন্ত জমা দেওয়া যাবে। দাখিলকৃত বিবরণী পরবর্তী পর্ষদ সভায় উপস্থাপন করতে হবে। ব্যাংক থেকে এসব বিবরণী যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা খুব দ্রুত কার্যকর হবে।

(এসএএম/২৩ জানুয়ারি ২০২১)