Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 09:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চলতি বছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের জন্য ১১ কোম্পানি দরপত্র জমা দিয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চাওয়া বিজ্ঞপ্তির বিপরীতে কোম্পানিগুলো এই প্রস্তাব করেছে।

বিপিসির এক কর্মকর্তার বরাত দিয়ে সম্প্রতি রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানি করতে দরপত্র আহ্বান করে বিপিসি। ১৬ মে ছিল দরপত্র জমাদানের শেষ তারিখ।

দরপত্র জমা দেওয়া কোম্পানিগুলোর মধ্য উল্লেখযোগ্য হচ্ছে- ইউনিপেক, ভিটোল, ট্রাফিগুরা ও গ্লেনকো।

বিপিসির ওই কর্মকর্তা জানান, এর মধ্যে জেট ফুয়েল ও গ্যাস অয়েলের জন্য সর্বনিম্ন দর প্রস্তাব করেছে ইউনিপেক।

তিনি বলেন, ইউনিপেক জেট ফুয়েল ও গ্যাস ওয়েলের অনুমোদন পেতে পারে। আর ফুয়েল অয়েলের অনুমোদন পেতে পারে ভিটোল।

খবরে বলা হয়, চীনের সিনপেকের বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান ইউনিপেক প্রতি ব্যারেল জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারমূল্যের সঙ্গে প্রিমিয়াম হিসেবে ২ দশমিক ২৭ থেকে ২ দশমিক ৪৭ ডলার প্রস্তাব করেছে। বর্তমানে প্রতি ব্যারেলের বিপরীতে প্রিমিয়াম দেওয়া হচ্ছে ২ দশমিক ২০ ডলার। এক্ষেত্রে অন্য কোম্পানিগুলো ২ দশমিক ৪৭ থেকে ৪ দশমিক ৬৫ ডলার পর্যন্ত প্রস্তাব দিয়েছে।

আর ফুয়েল অয়েলের জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে ২৯ দশমিক ৭৩ ডলার প্রস্তাব করেছে ভিটোল। বর্তমানে এ সংস্থার কাছ থেকে ১৫ দশমিক ৮০ ডলার দরে জ্বালানি তেল কেনার চুক্তি রয়েছে বিপিসির। এছাড়া এ ধরনের জ্বালানি তেলের জন্য অন্য কোম্পানিগুলো ৪১ দশমিক ২২ থেকে ৬৭ দশমিক ৮০ ডলার পর্যন্ত প্রস্তাব দিয়েছে।

(এসএএম/ ২৫ মে ২০১৭)