Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 20:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা তালিকাভুক্তির প্রথম বছরেই ডিভিডেন্ড না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  এছাড়া ডিভিডেন্ড না দেওয়ার কারণে বিনিয়োগকারীদের যে ক্ষতি হয়েছে,  তা কীভাবে পুষিয়ে দেওয়া হবে-অতি শিগগিরই তা বিএসইসিকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কোম্পানিটির শীর্ষ কর্মকর্তাদের ডেকে এ  ক্ষোভের কথা জানায় প্রতিষ্ঠানটি।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে বিএসইসিতে রবির শীর্ষ কর্মকর্তাদের ডেকে নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এসময় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, আব্দুল হালিম, নির্বাহী পরিচালক সাইফুর রহমান এবং নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন। আর রবি আজিয়াটার পক্ষে কোম্পানিটির সচিব মোহাম্মদ শাহেদুল আলমসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেওয়ার (No Dividend) সিদ্ধান্ত নেয় রবি আজিয়াটা লিমিটেড।

তালিকাভুক্তির প্রথম বছরেই ডিভিডেন্ড না দেওয়ার এ সিদ্ধান্ত বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশংকায় পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কোম্পানিটির শীর্ষ কর্তাদের ডেকে পাঠায় বিএসইসি।

জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিনিয়োগবার্তাকে বলেন, ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার সিদ্ধান্তে রবির প্রতি অসন্তুষ্ট হয়েছে কমিশন। ডিভিডেন্ড দেওয়া না দেওয়ার বিষয়টি কোম্পানির পর্ষদের নিজস্ব বিষয় হলেও এমন সিদ্ধান্তের কারণ জানাতে কোম্পানিটির কর্মকর্তাদেরকে কমিশনে ডাকা হয়েছিল। তাদের সাথে আলাপ-আলোচনা শেষে বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে কমিশন। আর নতুন এ ব্যবস্থার কথা অতি শিগগিরই বিএসইসিকে জানাতে বলা হয়েছে।

(এসএএম/১৬ ফেব্রুয়ারি ২০২১)