Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 17:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না কয়েক মাস ধরেই। স্বামী মার্কিন র‍্যাপার কানিয়ে ওয়েস্ট নাকি মানসিক রোগী। এমন কথা কিম বলে আসছিলেন ক্রমাগত। সন্তানেরা এখনো ছোট। তাই তাড়াহুড়া করেননি। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তাঁর। আদালতে বিচ্ছেদের আবেদন করে বসেছেন মার্কিন মডেল ও উদ্যোক্তা কিম কার্ডাশিয়ান। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে এই খবর।

সাত বছরের দাম্পত্য সম্পর্ক এবং আট বছরের প্রেমকাহিনি এখন বিচ্ছেদের পথে। জানিয়েছে ইনিউজ। অনেক দিন ধরেই এক ছাদের নিচে নেই তাঁরা। কেবল চার সন্তানের জন্য আলাদা হননি। কিম ভালোভাবেই জানেন এই বিয়ে আর টিকিয়ে রাখা সম্ভব নয়। জানুয়ারি মাসের শুরুতেই কিম-কানিয়ের বিচ্ছেদের খবর জানাজানি হয়ে যায়। কিন্তু তখনো আদালতে বিচ্ছেদের আবেদন করেননি কিম।

২০১২ সালে প্রথম প্রকাশ্যে আসে কিম কার্ডাশিয়ান ও কানিয়ে ওয়েস্টের প্রেমের খবর। ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন তাঁরা। এটি ৪০ বছর বয়সী কিমের তৃতীয় বিয়ে হলেও ৪৩ বছর বয়সী কানিয়ের প্রথম। এই দম্পতির আছে চার সন্তান — নর্থ ওয়েস্ট, সেন্ট ওয়েস্ট, শিকাগো ওয়েস্ট ও পাসালম ওয়েস্ট।

বিবাহবিচ্ছেদ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি কিম বা কানিয়ে। গত বছরের জুলাই মাসে কার্ডাশিয়ান জানান, বাইপোলার ডিজঅর্ডারে ভুগছেন তাঁর স্বামী কানিয়ে। সে সময় খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন এই পপ তারকা। তবে তাঁর এই রোগ বিচ্ছেদের কারণ নয়। কিন্তু দিন যতই যাচ্ছিল, পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে। শেষ পর্যন্ত হয়তো আর একত্রে থাকতে পারছেন না এই তারকাজুটি।

(ডিএফই/২১ ফেব্রুয়ারি, ২০২১)