Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Jun 2026 09:16
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অক্ষয় কুমার মানেই কোটি কোটি টাকার খেলা। চিত্রনির্মাতা আনন্দ এল রাইয়ের পরের তিন দুর্দান্ত প্রকল্পের জন্য দেখা দেবেন এই বলিউড সুপারস্টার। আর সে জন্য একটা বড়সড় চুক্তিপত্র স্বাক্ষর করেছেন তিনি।

কিছুদিন আগে বলিউড পাড়ায় খবর ছিল, অক্ষয় কুমার আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ ছবির জন্য ১২০ কোটি রুপি বা ১৪০ কোটি টাকা নিচ্ছেন। তবে এখন এই খবরের সত্যতা উঠে এসেছে। এই বলিউড তারকা আনন্দের সঙ্গে তিনটি ছবি করতে চলেছেন। ইতিমধ্যে আনন্দের ‘আতরঙ্গি রে’ আর ‘রক্ষাবন্ধন’ ছবির কথা প্রকাশ্যে এসে গেছে। তবে এই তিন ছবির তৃতীয় ছবিটির বিষয়ে এখনো কোনো খবর জানা যায়নি।

‘আতরঙ্গি রে’ ছবির প্রথম পর্যায়ের কাজ শেষ। ১৫ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের শুটিং। এদিন একটা গানের দৃশ্য দিয়ে শুরু হবে শুটিং। আর এই গানের দৃশ্যটি বেশ জাঁকজমকের সঙ্গে শুট করতে চলেছেন আনন্দ। ‘আতরঙ্গি রে’ ছবির এই গানের জন্য মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে ৮ কোটি রুপি খরচ করে এক বিশাল সেট বানানো হয়েছে।

গানের দৃশ্যটি কোরিওগ্রাফি করবেন প্রখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচারিয়া। এই দৃশ্যে অক্ষয়, সারা আলী খান ছাড়াও এক শ জুনিয়র নৃত্যশিল্পীকে নাচতে দেখা যাবে।

‘আতরঙ্গি রে’ ছবির প্রথম পর্যায়ের শুটিং বেনারস থেকে ৪৫ কিলোমিটার দূরে চাকিয়াতে (চন্দৌলি) হয়েছে। জানা গেছে, চাকিয়ার এক পরিত্যক্ত অট্টালিকায় ছবির শুটিং হয়েছিল। দীর্ঘদিন এই অট্টালিকার ধারেকাছে কেউ পা রাখেনি। ৬০ বছর আগে এক হিন্দি ছবির শুটিং হয়েছিল এখানে। তারপর হলো ‘আতরঙ্গি রে’র শুটিং।

‘আতরঙ্গি রে’ ছবির কাহিনি বিহার থেকে শুরু হয়ে দক্ষিণ ভারতে শেষ হবে। বিহারের দৃশ্যগুলোর শুটিং হয়েছে উত্তর প্রদেশে। উত্তর প্রদেশের বেনারসের আশপাশে অধিকাংশ এলাকায় করা হয়েছে।

অক্ষয়–সারা ছাড়া ‘আতরঙ্গি রে’তে আছেন দক্ষিণের তারকা ধানুস। দেড় মাস পর অক্ষয় আনন্দের পরবর্তী সিনেমা ‘রক্ষাবন্ধন’–এর শুটিং শুরু করবেন।

(ডিএফই/২৩ ফেব্রুয়ারি, ২০২১)