Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 13:55
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: এপ্রিলে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত হয়েছে। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) চূড়ান্ত সূচি পাঠিয়েছে। খুব শিগিগরই সূচি প্রকাশ করবে বিসিবি। সফরে লঙ্কায় পৌঁছে তিন দিন কোয়ারেন্টাইন করতে হবে বাংলাদেশ দলকে।

শ্রীলঙ্কা সফরের অগ্রগতি সম্পর্কে গতকাল বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘শ্রীলঙ্কার যেটা বলেছি (আগে) তার বাইরে কিছু অগ্রগতি হয়েছে। চূড়ান্ত শিডিউল আমাদের পাঠিয়েছে। আমাদের টিম ম্যানেজমেন্ট কিছু বিষয়ের অপেক্ষায়। সেটা হলে আশা করছি দুই এক দিনের মধ্যে সূচি প্রকাশ করে দিব।’

করোনার কারণে স্বাস্থ্যবিধি মানা, কোয়ারেন্টাইনের নিয়ম নিয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘অবশ্যই একটা চিন্তা ছিল আমাদের। ইতিমধ্যে ইংল্যান্ড শ্রীলঙ্কা সফর করে এসেছে। তো আমাদের ক্ষেত্রেও একই নিয়ম থাকবে। বলা হচ্ছে প্রথম তিন দিন রুম কোয়ারেন্টাইন করতে হবে। এরপর করোনা নেগেটিভ সাপেক্ষে অনুশীলন ও অন্যান্য কার্যক্রমে ফিরে যেতে পারবে। আগের কড়াকড়ি নিয়ম এখন শ্রীলঙ্কা থেকে তুলে দেওয়া হয়েছে।’

জানা গেছে, একই ভেন্যুতে হতে পারে দুটি টেস্ট। কলম্বো গিয়ে সরাসরি হাম্বানটোটায় চলে যাবে টাইগাররা। সেখানেই মুমিনুলদের কোয়ারেন্টাইন থাকতে হবে। এর আগে গত বছর দুইবার টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়েছিল করোনার কারণে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এ সিরিজটি খেলবে দুই দল। যদিও সিরিজে একটি টেস্ট কমেছে। এপ্রিলের মাঝামাঝি লঙ্কা যাবে বাংলাদেশ দল।

(ডিএফই/০৪ মার্চ, ২০২১)