Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 11:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও তার স্বজনরা।

শনিবার দুপুরে তাড়াশ প্রেসক্লাব চত্বরে তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এসময় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম. ম. আমজাদ হোসেন মিলন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদ ও মুজিবুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দোষীদের বিচার ও শাস্তি দাবি করে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবাউল করিমের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

জানা গেছে, তাড়াশ উপজেলার দীঘিসগুনা গ্রামের মসজিদ, কবরস্থানসহ ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের প্রতিবাদ করায় গত ২৮ ফেব্রুয়ারি উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দিঘীসগুনা গ্রামে একদল সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

(এআর/এসএএম/০৬ মার্চ ২০২১)