Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 16:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: একটা ম্যাচে নিশ্চিতভাবেই এর চেয়ে খুব বেশি কিছু হতে পারত না। সেভিয়ার মাঠ থেকে প্রথম লেগে ০-২ গোলে হেরে ফিরেছিল বার্সেলোনা। ফিরতি লেগে তাই দারুণ কিছু করতেই হতো এবং শেষ পর্যন্ত তা করেছেও দলটি। শ্বাসরুদ্ধকর নাটকীয় ম্যাচে অবিশ্বাস্য ৩-০ গোলের জয় তুলে কোপা দেল রে’র ফাইনালে উঠেছে কাতালানরা। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থাকায় ফাইনালের টিকিট পেল বার্সা।

ম্যাচের প্রায় পুরোটা সময় রক্ষণাত্মক খেলেও শেষ রক্ষা করতে পারেনি সেভিয়া। নিজেদের ওপর বিশ্বাস থাকাতেই এমন জয় মিলেছে বলে মনে করেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান, ‘আমরা সবসময় বিশ্বাস রেখেছিলাম। কোপা (দেল রে) থেকে আমরা হাল ছেড়ে দেইনি। এটা মানসিকতার প্রশ্ন।’ এ জয় তাদের প্রাপ্য ছিল বলেই মনে করেন কোমান, ‘আমি, একজন কোচ হিসেবে আমার দলকে আরও বেশি দিতে বলতে পারি যা আমরা দেখেছি। আমরা অতিরিক্ত সময়ের শেষ পর্যন্ত লড়াই করেছি। আমি দলের কাজে খুব খুশি। সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের প্রাপ্য ছিল। আমার মনে হয় দুই লেগেই আমরা ভালো ছিলাম। আমরাই সেরা দল ছিলাম।’

চলতি মৌসুমে অপেক্ষাকৃত শক্তিশালী দলগুলোর বিপক্ষে ভালো খেলতে পারছিল না বার্সা। বিশেষ করে প্রতি ম্যাচেই রক্ষণভাগের ভুলে ম্যাচ হারতে হয়েছে তাদের। তাই এর আগে লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে রক্ষণভাগের শক্তি বাড়িয়ে ৩-৫-২ ফর্মেশনে খেলে। তাতে কাজ হয়। সে ম্যাচে তারা জিতে নেয় ২-০ গোলে। আগের দিনও কোপা দেল রের ম্যাচেও একই ধাঁচে খেলে দলটি।

লা লিগায় সে ম্যাচ জিতেই দলটি আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে জানান বার্সা কোচ, ‘আমাদের আত্মবিশ্বাসের জন্য সে জয় খুব জরুরি ছিল। যেভাবে আমরা এখানে খেলেছি। এই ফর্মেশনে সেটা আমাদের প্রথম ম্যাচ ছিল। আমরা ঠিকই একইভাবে খেলার চেষ্টা করেছি এবং আমরা পেরেছি।’ তবে এদিন আরও বড় জয় পেতে পারত বার্সেলোনা। বেশ কিছু সহজ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি দলটি। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে যাওয়ায় এ নিয়ে ভাবছেন এ ডাচ কোচ, ‘আমরা তিনটি গোল করতে সমর্থ হয়েছি এবং আমরা আরও বেশি দিতে পারতাম। আপনি এর বেশি আশা করতে পারেন না।’

(ডিএফই/৬ মার্চ, ২০২১)