Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 18:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনতে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে ২০৪০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ হয়ে ওঠার লক্ষ্যে বিদ্যুৎচালিত গাড়ি ও কার্বন ক্যাপচার গবেষণাসহ নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগে অন্তত ২০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ফেডএক্স। খবর: সিএনবিসি।

যুক্তরাষ্ট্রভিত্তিক লজিস্টিক জায়ান্ট জানিয়েছে, ২০৪০ সালের মধ্যে সংস্থার সব পিকআপ ও ডেলিভারি যানবাহন বিদ্যুত্চালিত হবে। বিশ্বজুড়ে দুই লাখেরও বেশি যানবাহন এবং ৬৮০টি কার্গো উড়োজাহাজ পরিচালনা করা ফেডএক্স তার উড়োজাহাজ ও যানবাহন থেকে কার্বন নির্গমন কমিয়ে আনতে বিকল্প জ্বালানিতে বিনিয়োগ চালিয়ে যাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেডএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্রেড স্মিথ এক বিবৃতিতে বলেন, জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসী পদক্ষেপ নেয়া আমাদের দায়িত্ব। এ লক্ষ্য আমাদের কার্যক্রমজুড়ে টেকসই অবস্থান নিশ্চিত করতে দীর্ঘ প্রতিশ্রুতির অংশ। পাশাপাশি ফেডএক্স এ শিল্পের দীর্ঘমেয়াদি রূপান্তরমূলক সমাধানে বিনিয়োগ করে যাবে।

এ উদ্যোগের অংশ হিসেবে ফেডএক্স জানিয়েছে, প্রাকৃতিক কার্বন ক্যাপচারের জন্য ইয়েল কেন্দ্র স্থাপন করতে ইয়েল বিশ্ববিদ্যালয়ে ১০ কোটি ডলার সহায়তা দেয়া হবে। এ বিনিয়োগ কার্বন ক্যাপচারের বর্তমান স্কেল বাড়িয়ে তুলতে সহায়তা করবে।

ফেডএক্সের প্রধান সাসটেইনেবিলিটি কর্মকর্তা মিচ জ্যাকসন এক বিবৃতিতে বলেন, যদিও পরিবেশের প্রভাব কমাতে আমরা দুর্দান্ত পদক্ষেপ নিয়েছি, তবে আমাদের আরো অনেক কিছু করতে হবে।

ফেডএক্স পরবর্তী কয়েক দশকের মধ্যে কার্বন-নিরপেক্ষ হয়ে ওঠার লক্ষ্য নির্ধারণকারী অন্য বড় সংস্থাগুলোর কাতারে নাম লিখিয়েছে। এর আগে ২০৪০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ হওয়ার প্রতিশ্রতি দিয়ে রিটেইল জায়ান্ট অ্যামাজন অন্যান্য সংস্থাকে একই ধরনের লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছিল।

(এসএএম/০৭ মার্চ ২০২১)