
বিনিয়োগবার্তা ডেস্ক: কোভিড-১৯ মহামারীজনিত বিভিন্ন বিধিনিষেধে বন্ধ রয়েছে আন্তর্জাতিক ভ্রমণ। বিধ্বস্ত হয়ে পড়েছে বিশ্বময় পর্যটন শিল্প। এমন পরিস্থিতিতে পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে ৯২ কোটি ৮০ লাখ ডলারের প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছে অস্ট্রেলীয় সরকার।
এ প্যাকেজের আওতায় উড়োজাহাজের টিকিটে ভর্তুকি, ছোট পর্যটন সংস্থাগুলোর জন্য সহজ শর্তে ঋণ এবং দেশের দুটি বৃহত্তম এয়ারলাইনসকে আর্থিক সহায়তা দেয়া হবে। খবর রয়টার্স।
বিদেশী পর্যটকরা ফিরে না আসা পর্যন্ত দেশটির সংকটপূর্ণ এ খাতকে টিকিয়ে রাখতে এই প্রণোদনা নকশা করেছে ক্যানবেরা। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন সংবাদিকদের বলেছেন, এ প্যাকেজ আরো বেশি পর্যটককে আমাদের হোটেল ও ক্যাফেগুলোয় নিয়ে যাবে। এটা কভিড-১৯ মহামারীর বিরুদ্ধে আমাদের লড়াইয়ের একটি অংশ।
অস্ট্রেলীয় অর্থনীতির প্রবৃদ্ধির একটি অন্যতম চলক এ পর্যটন খাত। ২০১৮-১৯ অর্থবছরের জিডিপিতে এ খাতের অবদান ৪ হাজার ৭১২ কোটি ডলার। পাশাপাশি এ খাত দেশের শ্রমশক্তির প্রায় ৫ শতাংশের কর্মসংস্থান নিশ্চিত করে।
সহায়তা প্যাকেজে দেশটির বৃহত্তম দুই উড়োজাহাজ সংস্থা কান্তাস এয়ারওয়েজ ও ভার্জিন অস্ট্রেলিয়াকে ১৫ কোটি ৫০ লাখ ডলার দেয়া হবে। এ অর্থ সংস্থা দুটিকে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ, উড়োজাহাজগুলোকে আন্তর্জাতিক ভ্রমণের উপযোগী করা এবং কর্মীদের মজুরি পরিশোধে সহায়তা করবে।
প্রণোদনার বিষয়ে কান্তাসের প্রধান নির্বাহী অ্যালেন জয়েস বলেন, এ প্রণোদনা সেই মানুষগুলোকে কান্তাসের সঙ্গে থাকতে সহায়তা করবে, যাদের আমরা হারাতে চাই না।
কারণ আন্তর্জাতিক ভ্রমণ চালু হলে আমাদের যত দ্রুত সম্ভব বেশি ফ্লাইট শুরু করার সক্ষমতা প্রয়োজন হবে। অস্ট্রেলিয়ায় চলমান জাতীয় কভিড-১৯ টিকাদান কর্মসূচি আগামী অক্টোবরের শেষ দিকে সমাপ্ত হওয়ার প্রত্যাশা করছে কান্তাস। যদিও প্রধানমন্ত্রী মরিসন আন্তর্জাতিক সীমান্ত খুলে দেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট তারিখ জানাতে অপারগতা প্রকাশ করেন।
এ প্রণোদনার মাধ্যমে উড়োজাহাজের টিকিটে ৫০ শতাংশ ভর্তুকি দেয়া হবে। প্রায় আট লাখ টিকিটে ভর্তুকি দেয়ার এ কার্যক্রম আগামী ১ এপ্রিল শুরু হবে। জুলাইয়ের শেষ পর্যন্ত এ ভর্তুকি চলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ ঘোষণার পর অস্ট্রেলিয়ার শেয়ারবাজারে ভ্রমণসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরে ঊর্ধ্বগতি দেখা গেছে।
যদিও এ প্রণোদনা প্যাকেজে এ খাতের সব সংস্থা খুশি হতে পারেনি। বেশির ভাগ সংস্থা পর্বতসম ঋণের বোঝা মাথায় নিয়ে টিকে থাকার লড়াই করছে। এর মধ্যে কেবল ছোট পর্যটন সংস্থাগুলোকে ১০ বছর মেয়াদি ঋণ দেয়া হবে।
(এসএএম/১৪ মার্চ ২০২১)