
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: স্বল্প আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে ৪৯৪টি আবাসন প্লট এবং ৪ হাজার ৫১১টি ফ্ল্যাট নির্মাণ কার্যক্রম শুরু করেছে সরকার। দেশের ১৮টি জেলায় ৪৫টি প্রকল্পের মাধ্যমে এসব প্লট ও ফ্ল্যাট নির্মাণ কাজ বাস্তবায়িত হচ্ছে।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য এনামুল হকের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে বর্তমানে বিদ্যমান আবাসন সুবিধা ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশে উন্নীত করেছে সরকার। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকার লালমাটিয়া ও মিরপুরে পরিকল্পিত ৯০২টি আবাসিক ফ্ল্যাট বরাদ্দ প্রাপ্তদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকার লালমাটিয়ায় ১৫৩টি, মিরপুর ১৫ নম্বর সেকশনে ৫২০টি, ৯ নম্বর সেকশনে ১ হাজার ৪০টি এবং মোহাম্মদপুরে ৯০০টিসহ বিভিন্ন আয়তনের আবাসিক ফ্ল্যাটের বরাদ্দ প্রদান করা হয়েছে।
তিনি বলেন, গণপূর্ত অধিদপ্তর বর্তমানে ৪ হাজার ৭২৪টি ফ্ল্যাট নির্মাণ কার্যক্রম গ্রহণ করেছে। সব শ্রেণির কর্মচারীদের জন্য এ সব আবাসিক ফ্ল্যাট নির্মিত হচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের জন্য শেরেবাংলা নগরে বহুতল বিশিষ্ট ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ করছে। এ প্রকল্পের আওতায় ৮টি ১৬ তলা ভবনে বিভিন্ন আয়তনের ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে।
শেখ হাসিনা বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য সুউচ্চ আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ১টি ২০ তলা ভবনে ৩ হাজার ৫০০ বর্গফুট আয়তনের ৭৬টি ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। ঢাকার আজিমপুরে সরকারি কলোনিতে বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করা হবে। এ প্রকল্পের আওতায় ৬টি ২০তলা ভবনে ৪৫৬টি এবং ৪টি ২০তলা ভবনে ৫৩২টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।
তিনি বলেন, ঢাকার মিরপুরে ৬ নম্বর সেকশনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১ হাজার ৬৪টি আবাসিক ফ্ল্যাট, মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৬০৮টি আবাসিক ফ্ল্যাট, মিরপুর ৬ নম্বর সেকশনে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৮৮টি আবাসিক ফ্ল্যাট, ঢাকার বেইলি রোডে মন্ত্রীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ১টি ৬ তলা ভবনে ৫ হাজার ৬৩৩ বর্গফুট আয়তনের ১০টি ফ্ল্যাট নির্মিত হবে।
প্রধানমন্ত্রী বলেন, ইস্কাটনে সিনিয়র সচিব/সচিব/গ্রেড-১ কর্মকর্তাদের জন্য ৩টি ২০তলা ভবনে ১১৪টি ফ্ল্যাট, ঢাকার মালিবাগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৫৬টি ফ্ল্যাট, নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৮টি ১৫তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, এছাড়া সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক সংকট নিরসনে সরকারি অব্যবহৃত জমিতে ও পরিত্যক্ত ভবনের স্থলে স্বল্পমেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আরও বেশি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
শেখ হাসিনা বলেন, ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় সরকারি কর্মকর্তাদের জন্য ১ হাজার ২৪৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প সরকারি অর্থায়নে অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
(এসএএম/ ০২ মার্চ ২০১৭)