
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দুর্ঘটনায় পতিত হয়ে বেঁচে যাওয়া টাইগার উডসের পরম সৌভাগ্য। তবে হাসপাতালে অনেকটা দিনই কাটাতে হলো টাইগার উডসকে। অবশেষে তিনি ছাড়া পেয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আমেরিকান এই কিংবদন্তি গলফার।
টাইগার উডসকে নিয়ে ভক্ত-সমর্থকদের উদ্বেগের শেষ নেই। বাড়ি ফিরেই তাদের উদ্দেশ্যে বার্তা টাইগারের। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে বেশ ভালো লাগছে। গোটা দুনিয়া এই কঠিন সময় আমার পাশে ছিল। তাই সবাইকে ধন্যবাদ। ঘরে ফিরেই শরীরচর্চা শুরু করে দিয়েছি। আশা করি আগামী কয়েক দিনের মধ্যে আরও উন্নতি করব।’
গত ২৩ ফেব্রুয়ারি ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন টাইগার উডস। স্থানীয় সময় সকাল ৭টা ১২মিনিটে এই দুর্ঘটনা ঘটে। রোলিং হিলস এস্টেট সীমান্তে উডসের গাড়ি ব্ল্যাকহর্স রোডের হাউথর্ন বুলেভার্ড দিয়ে উত্তর দিকে যাচ্ছিল। বাঁক নেয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছার পর আশা করেননি যে, ভেতর থেকে জীবিত কাউকে বের করতে পারবেন। তবে পুরোপুরি কপাল জোরেই বেঁচে গেছেন টাইগার উডস। প্রাণে বাঁচলেও পায়ের দুই জায়গায় ভেঙে যায় তার। এছাড়া গোড়ালিও বেশ ক্ষতিগ্রস্ত হয়।
এমন দুর্ঘটনার পর ১৫ বারের মেজর গলফ চ্যাম্পিয়ন টাইগারকে লস অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতালে অনেকটা সময় চিকিৎসা নিতে হয়েছে। সেখানে পায়ে অস্ত্রোপচারও হয়। অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৪৫ বছর বয়সী এই গলফার।
(ডিএফই/১৮ মার্চ, ২০২১)