Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 01:50
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারতের পুঁজিবাজারে শেয়ার কেনার ধুম পড়ায় বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সেনসেক্স সূচক পৌঁছেছে নতুন এক মাইলফলকে। মাত্র ২২ কার্যদিবসে সূচকটি বেড়েছে ১ হাজার পয়েন্ট। সর্বশেষ কার্যদিবসে এটি ৩১ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করে। অন্যদিকে নিফটিও প্রথমবারের মতো এক পর্যায়ে ৯৬০০ পয়েন্টে লেনদেন করে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, এর মধ্য শেষ ২ কার্যদিবসে সূচক বেড়েছে ৭০০ পয়েন্ট। শুক্রবার সেনসেক্স ২৭৮.১৮ পয়েন্ট উঠে ৩১ হাজার ২৮.২১ পয়েন্টে অবস্থান করে। আরেক সূচক ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফ্‌টি-ও ৮৫.৩৫ পয়েন্ট উঠে পা রাখে ৯ হাজার ৫৯৫.১০ পয়েন্টে।

তবে হঠাৎ এই আকাশচুম্বী প্রবণতা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, নতুন করে সূচক আরও বাড়ার আগে অন্তত বাজারে একটি ছোট্ট সংশোধনী দরকার।

বিশেষজ্ঞদের একাংশের মতে, এ দিন বাজার এতখানি চাঙ্গা হওয়ার মূল কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ৩ বছরের এনডিএ শাসনের উপর বিনিয়োগকারীদের আস্থা প্রদর্শন।

তবে বাজার মহলের দাবি, সার্বিকভাবে বিনিয়োগে উৎসাহী বাজারকে এগুতে এ দিন ইন্ধন জুগিয়েছে চলতি বছরে ভালো বর্ষার পূর্বাভাস, জুনের আগাম লেনদেনের জন্য শেয়ার কিনে রাখা এবং বিশ্ব বাজারের ঊর্ধ্বমুখী গতিও।

অনেকেই বলছেন, সরকার আগামী দিনে আরও সংস্কারের পথে হাঁটবে, এখন এই আশায় বুক বাঁধছেন সকলে। সেই ভরসার ইঙ্গিত হিসেবেই এ দিন শেয়ার কিনতে দেখা যায় দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের।

এদিকে শুক্রবার টাটা স্টিল ছিল টপ সেনসেক্স গেইনারে। এদিন কোম্পানিটির শেয়ারদর বাড়ে ৫.৫ শতাংশ। আর আইটিসি ও রিলায়েন্সের শেয়ার দর বাড়ে ৩ ও ২.৫ শতাংশ করে।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল ভারতের পুঁজিবাজারে সেনসেক্স সূচক ৩০ হাজারের সিড়ি অতিক্রম করে। সূচকটি ওইদিন ৩০ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করছিল।

(এসএএম/ ২৮ মে ২০১৭)