Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 12:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: কোভিড-১৯ মহামারীর ক্ষত থেকে বেরিয়ে আসতে রিজার্ভের অর্থ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। এরই অংশ হিসেবে ২০২০-২১ অর্থবছরের জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবারকে ২ হাজার কোটি ডলারের অর্থসহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপানের মন্ত্রিসভা। খবর কিওডো নিউজ।

খবরে বলা হয়, এ তহবিলের মধ্যে ১ হাজার ৪০০ কোটি ডলার স্থানীয় রেস্তোরাঁ ও বারগুলোকে দেয়া হবে। ভাইরাসের সংক্রমণ থামাতে সরকার এ রেস্তোরাঁ ও বারগুলোকে দ্রুত বন্ধ করার আদেশ দিয়েছিল। এ ধরনের ব্যবসায়ীদের জন্য পৌরসভাগুলো প্রতিদিন ৩৬৮ ডলার করে ভর্তুকি সরবরাহ করবে।

জানুয়ারির প্রথম দিকে রাজধানী টোকিও মহানগরীতে দ্বিতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। যদিও এক সপ্তাহের মধ্যে এ বিধিনিষেধগুলো ১১টি অঞ্চলে প্রসারিত করা হয়। এ ব্যবস্থায় নতুন সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্য হ্রাসের পর গত রোববার জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেয়া হয়। তবে সংক্রমণের সম্ভাব্য চতুর্থ ঝড় নিয়ে উদ্বেগের মধ্যে নতুন সংক্রমণ কমাতে রেস্তোরাঁ ও বারগুলো দ্রুত বন্ধ করে দেয়ার বিষয়টি মার্চের শেষ পর্যন্ত চালু থাকবে। বর্তমানে এগুলো খোলা রাখার সর্বশেষ সময়সীমা রাত ৯টা পর্যন্ত, যা জরুরি অবস্থায় রাত ৮টার চেয়ে ১ ঘণ্টা পরে।

এদিকে মহামারীতে যেসব পরিবারের আয়ের পরিমাণ দ্রুত কমে গেছে, সেসব প্রতিটি পরিবারকে বিনা সুদে ১ হাজার ৮৪৪ ডলার করে ঋণ দেয়া হবে। এজন্য সরকার ৩১৫ কোটি ডলার বরাদ্দ দিয়েছে। এছাড়া দারিদ্র্যের মধ্যে বসবাসরত শিশু থাকা পরিবারগুলোকে শিশুপ্রতি ৪৬১ ডলার করে নগদ সহায়তা দেয়া হবে। এজন্য জাপান সরকার ২০১ কোটি ডলার বরাদ্দ দিয়েছে।

মহামারীতে অর্থনৈতিক প্রণোদনায় মার্চ পর্যন্ত চলতি অর্থবছরে রিজার্ভ থেকে সরকার প্রায় ১১ হাজার কোটি ডলার ব্যবহার করেছে। মঙ্গলবার মন্ত্রিসভার সিদ্ধান্তে নেয়া অর্থ বাদ দিলে দেশটির রিজার্ভে ৪৬৯ কোটি ডলার অবশিষ্ট রয়েছে। রিজার্ভ তহবিলের ব্যবহারের বাইরে মন্ত্রিসভা খাদ্য ও আবাসন খাতে নতুন নীতির অনুমোদন দিয়েছে। এ নীতির আওতায় বেসরকারি প্রতিষ্ঠানের পরিবর্তে সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়া হবে।

মন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছিলেন, সরকার থেকে আমরা কর্মসংস্থানের সুরক্ষা করব। আর যে ব্যবসায়ীরা বিধিনিষেধের মধ্যে তাদের ব্যবসা চালিয়ে যাবেন, সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা দেয়া হবে।

(এসএএম/২৪ মার্চ ২০২১)