Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: নরওয়ের রোবোটিকস কোম্পানি অটোস্টোরের ৪০ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে জাপানের বিনিয়োগ প্রতিষ্ঠান সফটব্যাংক গ্রুপ। ২৮০ কোটি মার্কিন ডলারে প্রতিষ্ঠানটির এ শেয়ার কেনাবেচা হচ্ছে। খবর এএফপি।

খবরে বলা হয়, কিছুদিন ধরেই প্রযুক্তি খাতের বিভিন্ন স্টার্ট আপ বা বড় প্রতিষ্ঠানগুলোর পেছনে বেশ বড় অংকের অর্থ খরচ করছে সফটব্যাংক। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বায়োটেক-সংক্রান্ত প্রতিষ্ঠান। এ ধারাবাহিকতায় সর্বশেষ বিনিয়োগ হিসেবে কেনা হলো অটোস্টোরের শেয়ার।

অটোস্টোর জানিয়েছে, বিশ্বের ৩৫টি দেশে তাদের ২০ হাজার রোবট কাজ করছে। তাদের গ্রাহকের মধ্যে আছে পুমা ও সিমেন্সের মতো প্রতিষ্ঠান।

এক বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, ওয়্যারহাউজ অটোমেশন প্রযুক্তির জন্য অটোস্টোর ৭৭০ কোটি ডলার ব্যয় করতে যাচ্ছে; যা বড় বড় প্রতিষ্ঠানের কাজ আরো সহজ করবে।

সফটব্যাংকের প্রতিষ্ঠাতা মাসাইয়োসি সন বলেন, আমরা অটোস্টোরকে এমন একটি প্রযুক্তির ভিত্তি হিসেবে দেখছি, যেটি দ্রুত ও তুলনামূলক সস্তা উপায়ে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানকে অবকাঠামোগত সেবা সরবরাহ করে যাচ্ছে। সফটব্যাংক ও অটোস্টোর একসঙ্গে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের বাজার প্রসারিত করবে।

সফটব্যাংকের সহায়তায় শিগগিরই অটোস্টোর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজারে ব্যবসার প্রসার ঘটাতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কার্ল জোহান লিয়ের।

তবে সফটব্যাংকই অটোস্টোরের সবচেয়ে বড় অংশীদার নয়। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান থমাস এইচ লি কিছুদিনের মধ্যেই অটোস্টোরের শেয়ারের বড় অংশ কিনে নিতে যাচ্ছে। চলতি মাসেই বিষয়টি চূড়ান্ত হওয়া কথা রয়েছে।

(এসএএম/১০ এপ্রিল ২০২১)