Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 21:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নোয়াখালী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নোয়াখালীর বসুরহাটের মেধাবী ছাত্র নাঈমুর রহমান মিনহাজের স্বপ্ন পূরণ করেছেন আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

চা দোকানি আবু নাছেরের ছেলে নাঈমুর রহমান মিনহাজ ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তার মেধাক্রম ৩৯৪০তম। কিন্তু সংসার চালাতেই হিমশিম খান তার দরিদ্র বাবা। তার উপর লকডাউনে দোকানও বন্ধ। এসব ভেবে একসময় চোখে অন্ধকার দেখছিলেন নাঈমুর রহমান মিনহাজ।

খবর পেয়ে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মেধাবী মিনহাজের পড়ালেখার দায়িত্ব নিলেন মেয়র আবদুল কাদের মির্জা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে মিনহাজ ও তার বাবা আবু নাছেরকে তিনি নিজের অফিসে ডেকে পাঠান।

মিনহাজকে বুকে টেনে নিয়ে মনে সাহস রাখার কথা বলেন কাদের মির্জা। এ সময় মিনহাজের বাবার হাতে নগদ ২০ হাজার টাকাও তুলে দেন তিনি।

কাদের মির্জা বলেন, শুধু টাকার অভাবে একটি ফুটন্ত গোলাপ ঝরে পড়তে পারে না। সেই কথা চিন্তা করেই মিনহাজের পাশে দাঁড়িয়েছেন তিনি। এছাড়া তার পড়ালেখার সার্বিক দায়িত্ব নিজে নিয়েছেন বলেও নিশ্চিত করেন মেয়র কাদের মির্জা।

টাকা হাতে পেয়ে আবেগাপ্লুত আবু নাছের বলেন, আমি মেয়র সাহেবের কাছে কৃতজ্ঞ। আমি স্বপ্নেও ভাবিনি এই বিপদের সময় আমার পাশে কেউ দাঁড়াবে।

তিনি আরও বলেন, আমি চাই সবার দোয়া নিয়ে আমার ছেলে ডাক্তার হয়ে একদিন দেশবাসীর সেবা করবে। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে।

(এসকে/এসএএম/১৪ এপ্রিল ২০২১)