Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 08:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পিরোজপুরে এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। তরমুজ চাষ করে বেশ লাভবান হচ্ছেন এ অঞ্চলের চাষিরা। তাই প্রতিছরই সেখানে বাড়ছে তরমুজের আবাদী জমির পরিমাণ। এর মাধ্যমে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার কৃষক ও শ্রমিকের। তবে চলমান লকডাউনের কারণে পর্যাপ্ত ক্রেতা না পেয়ে তরমুজ বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

সরেজমিনে পিরোজপুর সদরের সিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী গ্রামে গিয়ে দেখা যায় সেখানে তরমুজ চাষিরা তাদের ফসলি ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ তরমুজ ক্ষেতে পানির ব্যবস্থা করে দিচ্ছেন। কেউ আবার ভাইরাস থেকে রক্ষায় কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন। অনেকে তরমুজ কেটে ঘরে তুলে রাখছেন।

তাদের সঙ্গে আলাপে জানা যায়, এবার অনান্য বছরের তুলনায় তরমুজের ফলন ভাল হয়েছে। কিন্তু বিক্রির সময়টাতে করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী চলা লকডাউনে বিপাকে পড়েছেন এখানকার তরমুজ চাষিরা। লকডাউনের কারণে দূর-দূরান্তের পাইকারি ক্রেতারা তরমুজ কিনতে আসবেন কিনা এ শঙ্কায় দিন কাটছে তাদের।

চালিতাখালী গ্রামের কৃষক মজনু মিয়া জানান, এবার তরমুজের ভাল ফলন হয়েছে। কিন্তু দীর্ঘসময় বৃষ্টি না থাকার কারণে তরমুজে ভাইরাস লেগেছে। এরফলে তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া লকডাউনের কারণে পাইকার না আসায় তরমুজ বিক্রি নিয়ে চিন্তিত হয়ে পড়েছি। পাইকার ছাড়া বিপুল পরিমান তরমুজ বিক্রি সম্ভব নয়।

পিরোজপুরের জেলা কৃষি কর্মকর্তা শিপন কুমার ঘোষ জানান, এবার এই অঞ্চলে তরমুজের বাম্পার ফলন হয়েছে। কিন্তু লকডাউনের কারণে তরমুজ বিক্রিতে কিছুটা ভাঁটা দেখা দিয়েছে। তবে অচিরেই এ সমস্যা কেটে যাবে বলে আশা করছি। এছাড়া এখানকার তরমুজগুলো যেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আড়তগুলোতে পাঠানো যায় –সে বিষয়ে আমরা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করবো বলে আশ্বস্ত করছি।

(এসএএম/২২ এপ্রিল ২০২১)